যোগ্য শিক্ষক না হলে শিক্ষার ক্ষেত্র বিস্তৃত করা যায় না। বাংলাদেশের ফুটবল উন্নয়নে সর্বাগ্রে প্রয়োজন আধুনিক ফুটবলের ধ্যান-ধারণা সম্পন্ন শিক্ষিত কোচ। তাই এ খাতকেই শুরুতে সর্বাধিক গুরুত্ব দেবেন নব নিযুক্ত টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি।
আজ সোমবার বাফুফে ভবনে অস্ট্রেলিয়া প্রবাসী ও ইংরেজ নাগরিক স্মলি তার দুই বছরের আনুষ্ঠানিক নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘দুই বছরেই যে ব্যাপক পরিবর্তন হবে তা কিন্তু নয়। তবে পরিবর্তনের ধারার সূচনা হবে একথা আমি জোর দিয়েই বলতে পারি। আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমার লক্ষ্য হবে বাংলাদেশকে একটি ফুটবল উন্নয়নকামী দেশ হিসেবে পরিচিত করা। যারা ফুটবল উন্নয়নে কঠোর পরিশ্রম করছে। আর যদি বলা হয় আমার প্রথম পছন্দের কাজ কী হবে। তাহলে আমি বলবো সুশিক্ষিত কোচ তৈরি করা যারা দেশব্যাপী নতুন খেলোয়াড় তৈরি করবে। আধুনিক ফুটবলের ধ্যান-ধারণা নিয়ে কাজ করবে তারা। শুধু তাই নয়, কোচদের শিক্ষকও তৈরি করতে হবে। এ ব্যাপারে ফিফা ও এএফসির সাহায্য পাওয়া যাবে বলে আমি আশা করি। বাংলাদেশের ফুটবল ঐতিহ্য আছে, সঠিক পরিকল্পনা করে এগিয়ে গেলে সাফল্য আনা সম্ভব।’
/আরএম/এফআইআর/








