আনুষ্ঠানিকভাবে সোমবার শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচের দায়িত্ব নিয়েছেন শফিকুল ইসলাম মানিক। সদ্য পদত্যাগ করা মারুফুল হকের স্থলাভিষিক্ত হলেন তিনি। দায়িত্ব নিয়ে মানিক জানিয়েছেন, সামনে তার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবার শেষে শেখ রাসেল। এই মুহূর্তে তার লক্ষ্য লিগের শেষ ভালো করা।
শফিকুল ইসলাম মানিক বলেন, 'দলের বেশ কিছু পজিশনে ঘাটতি আছে। আছে ইনজুরির সমস্যাও। আমার কাছে মনে হয়েছে দলে কিছ সমন্বয়হীনতাও আছে। খেলোয়াড়দের মধ্যে বোঝা-পড়া তৈরি হয়নি। এখনও ইনজুরির রেশ কাটেনি জাহিদ হাসান এমিলির, মাঝমাঠে বিরাট ঘাটতি অবদুল বাতেন মজুমদার কোমলের ইনজুরি। এর মধ্যে আবার চোট পেয়েছে ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড পল এমিল। দলের মূল সমস্যা তারা গোল পায়নি। পায়নি ভাগ্যের সহায়তাও। তাই সবদিক থেকে ভালভাবে শুরু করতে পারছি কই?'
আগে দলের মোটিভেশন নিয়ে কাজ করবেন বলে জানালেন শফিকুল ইসলাম মানিক। তিনি বলেন, 'আমার দায়িত্ব হবে খেলোয়াড়দের এটি বোঝানো, যে ব্যর্থতার দায়ভার তাদেরও, শুধু কোচের ব্যর্থতা দেখলে হবে না। খেলোয়াড় হিসেবে তাদেরও দায়িত্ব রয়েছে। আমি চাইবো তাদের মধ্যেও যেন দলের ভাবমূর্তি পুনুরুদ্ধার করার চ্যালেঞ্জ জেগে ওঠে।'
লিগে পয়েন্ট টেবিলের সবার নীচে শেখ রাসেল। এ অবস্থায় খুব ভালো করা কঠিন সেটা স্বীকার করেন তিনি বলেন, 'আমি লিগকে ম্যারাথন বলি। ম্যারাথনের মূল শর্তই হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার। এখানে প্রথমে এগিয়ে থাকাটা গুরুত্বপূর্ণ নয়। শেষ দিকে ভাল করাটাই গুরুত্বপূর্ণ।'
/আরএম/এমআর/







