ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাভিশন। বৃহস্পতিবার ফাইনালে ডেইলি স্টারকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় তারা। বেলা ১২টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে না পারায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের গোলরক্ষক দিপন দেওয়ান। চ্যাম্পিয়ন দল ট্রফি ও চল্লিশ হাজার টাকা এবং রানার্স আপ দল ট্রফি ও বিশ হাজার টাকার চেক লাভ করে। উভয় দলের খেলোয়াড়দের ব্যক্তিগত মেডেল দেওয়া হয়।
এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা উভয়কে ট্রফি ও পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়। সেমিফাইনালে পরাজিত দুই দল এটিএন বাংলা এবং সংবাদ প্রতিদিনকে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।
এর আগে সকালে প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে বাংলাভিশন ১-০ গোলে এটিএন বাংলাকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের গোলরক্ষক দিপন দেওয়ান। দ্বিতীয় সেমি-ফাইনালে ডেইলি স্টার ৩-০ গোলে সংবাদ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে উঠে। ম্যাচ সেরা হয়েছেন ডেইল স্টারের আল আমিন।
ফাইনাল খেলা শেষে অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের হেড অব গেমস অ্যান্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ-এর সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া উপ কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, অজয় বড়ুয়া, কাজী শহীদুল আলম ও সাহাবউদ্দিন সাহাব।
/আরএম/এফআইআর/








