এশিয়ান কাপ প্লে অফে খেলার আগে প্রস্তুতিমূলক ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে মালদ্বীপের কাছে ৫-০ গোলে হেরেছে লাল সবুজরা।
খেলার প্রথমার্ধে দুদলই গোল করার তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে খেলার ৫৩ মিনিটে মালদ্বীপের পক্ষে প্রথম গোল করেন আসাদুল্লাহ আব্দুল্লাহ। পেনাল্টি বক্সের সামনের ডানদিক থেকে আহমেদ আব্দুল্লাহর দারুণ ক্রস থেকে বল জালে জড়ান তিনি। এর সাত মিনিট পরেই দলের ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন আসাদুল্লাহ। খেলার ৭৮ মিনিটে দলের তৃতীয় গোল করেন হামজাত মোহাম্মাদ।আশফাকের বাড়ানো বলে বাংলাদেশের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি।
খেলার ৮১ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আসাদুল্লাহ। আহমেদের দারুণ ক্রসে হেড করে গোলের ব্যবধান ৪-০ তে নেন তিনি।
খেলার অতিরিক্ত মিনিটে ইসমাইল ইয়াসা গোল করলে ৫-০ তে বড় ব্যবধানে জয় তুলে নেয় মালদ্বীপ।
/আরএম/এআর/








