আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দিয়েছিলেন মেসি। ফিরবেন কিনা সেটিরও ছিল না নিশ্চয়তা। অবশেষে ফিরলেন, আর ফিরেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটাও জেতালেন। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে লাতিন আমেরিকার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে মেসির দল।
শুক্রবার ভোরে হওয়া ম্যাচটিতে ম্যাচের একমাত্র গোলটি আসে ৪৩ মিনিটে। বাম পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে এক জনকে কাটিয়ে জোরালো শট নেন মেসি। আর সেই বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।
মেসি ফিরলেও প্রথমার্ধের শেষ দিকে ১০ জনের দল নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পাওলো দিবালা।
উল্টো দিকে উরুগুয়ের তারকা সুয়ারেজও সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু স্কোরের দেখা মেলেনি একটিরও। একইভাবে কাভানি আর্জেন্টিনা রক্ষণ ভাঙার চেষ্টা করলেও সেটি করতে পারেননি। ফলে এই বাছাইয়ের দ্বিতীয় হার নিয়েই মাঠ ছাড়তে হয় উরুগুয়েকে।
৭ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৪, সমান ম্যাচে উরুগুয়ের পয়েন্ট ১৩।
/এফআইআর/








