মেসি নেই তাই...

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩০

দাঁত থাকতে নাকি মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। আর্জেন্টাইনদের ‘দাঁত’ নিয়ে কোনও কৌতুহল আছে কিনা, সেটা জানা নেই। তবে ফুটবল মাঠে এখনকার সেরা ফুটবলারের মর্যাদা যে ঠিকঠাক দিতে পারেনি, তাতে কোনও সন্দেহ নেই। যাকে নিয়ে গোটা বিশ্ব পাগল, সেই লিওনেল মেসি কিনা নিজের দেশের মানুষের দুয়ো শুনেছেন মাঠে!
দেশের দর্শকদের এমন আচরণের সঙ্গে হতাশা জমাট বাঁধে বারবার শিরোপা জয়ের মঞ্চ থেকে খালি হাতে ফেরায়। শতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘বিশেষ কোপা’র শিরোপা হাতছাড়া হওয়ার পর তাই দিয়ে ফেলেন অবসরের ঘোষণা। তখনই আসলে টনক নড়ে আর্জেন্টাইনদের। যে দেশের মানুষের কাছে ‘মেসি স্পেনের’, সেই তারাই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ফিরে আসার আহবান জানিয়েছিলেন বার্সেলোনা ফরোয়ার্ডকে। মেসির অভাব যে বুঝতে পারছিল খুব। আমেরিকার টুর্নামেন্ট শেষে তাই পরিস্থিতি বদলে গেছে অনেকটাই। আলবিসেলেস্তে সমর্থকরা সেটা আরও বেশি অনুভব করেছে ভেনিজুয়েলার ম্যাচের পর। মেসিকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ে আরেকটি হতাশার রাত কাটল যে আর্জেন্টিনার।
সতীর্থ, স্কুল শিক্ষক, এমনকি আর্জেন্টিনার প্রেসিডেন্ট পর্যন্ত মেসিকে বুঝিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে আন্তর্জাতিক ফুটবলে আবার ফিরেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। হ্যাঁ ফাইনাল হারের দুঃখ অবশ্যই আছে আর্জেন্টিনার, মেসিকে সঙ্গী করেই হেরেছে টানা তিন ফাইনাল। সমান্তরালে এটাও তো সত্য, এই মেসির হাত ধরেই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গিয়েছে অত দূর।
বার্সেলোনার খুদে জাদুকর না থাকলেই বরং এলোমেলো হয়ে যায় সব। অতীত ইতিহাসের কথা বাদ দিন, লাতিন আমেরিকা অঞ্চলের চলতি বাছাইয়ের দিকে নজর দিন না। মেসিকে ছাড়া যে পাঁচটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, তার সবকটিতে চরম ভুগেছে তারা। সবশেষ ধাক্কাটা এসেছে আজ ভোরে, ভেনিজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র করে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া কুঁচকির চোটে মেসি ছিটকে গিয়েছিলেন এই ম্যাচ থেকে। তাই আর্জেন্টিনা থেকে ফিরে এখন বার্সেলোনায় কাজ করছেন সেরে উঠার। কাতালুনিয়ার শহর থেকেই হয়তো দেখেছেন দলের হতাশার চিত্র।
২০১৮ বিশ্বকাপের বাছাইয়ে পঞ্চমবারের মতো মেসিকে ছাড়া মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে জিতেছে মাত্র এক ম্যাচে। অথচ অধিনায়ককে নিয়ে খেলা তিন ম্যাচের সবকটিতে জিতেছে আলবিসেলেস্তেরা। চিলি, বলিভিয়া ও উরুগুয়ের বিপক্ষে জয়ের পথে চার গোল দেওয়ার বিপরীতে হজম করেছে মোটে এক গোল। এই দলের চিত্রটাই আবার পাল্টে যায় যখন মেসি থাকেন মাঠের বাইরে। তাকে ছাড়া খেলা পাঁচ ম্যাচে একটি মাত্র জয় এসেছে কলম্বিয়ার বিপক্ষে। ওই ম্যাচের আগে প্রথমবার হারের তিক্ততা পায় লাতিন জায়ান্টরা ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে। ঘরের মাঠেই যে ম্যাচটি বিস্ময়করভাবে হেরে যায় তারা ০-২ গোলে। পরে প্যারাগুয়ের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরার পর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ঘরের মাঠে। সবশেষ ভেনিজুয়েলার ম্যাচটি। পরিসংখ্যান বলছে এদগার্দো বাউসার দল অধিনায়ককে ছাড়া ১৫ পয়েন্টের মধ্যে ঘরে তুলতে পেরেছে মোটে ৬ পয়েন্ট। যাতে চার গোল দেওয়ার বিপরীতে হজম করেছে ৫ গোল।
আর্জেন্টাইন ফুটবলপ্রেমিদের ভুল ভেঙেছে ইতোমধ্যে। মেসির প্রতি তাদের ভালোবাসা-অনুভূতি ধরা পড়েছে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এক ভক্তের পায়ের সামনে লুটিয়ে পড়ার দৃশ্যে। সেই সঙ্গে টের পেয়েছে বার্সেলোনা ফরোয়ার্ডের অভাবটাও। ভেনিজুয়েলা ম্যাচের পর যে আরও, তা কী আর বলার দরকার আছে!
/কেআর/আপ-এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম