ইতিহাস হয়ে আছে ম্যাচটি। ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পকে স্তব্দ করে দিয়েছিল দেপোর্তিভো আলাবেস। নান রিবেরার গোলে যে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছিল তারা! স্প্যানিশ পত্রিকাগুলোর প্রথম পাতায় বড় শিরোনামে এসেছিল খবরটি। সেই আলাবেস আবার ফিরছে ন্যু ক্যাম্পে। অতীতকে ফিরিয়ে আনার স্বপ্ন বুকে নিয়ে। বার্সেলোনা কি আর তা হতে দেবে! দুরন্ত গতিতে ছোটা বার্সার লক্ষ্য শতভাগ জয় ধরে রাখা। সেই মিশনে শুরু থেকে সম্ভবত মেসি-সুয়ারেসকে পাচ্ছে না স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর এমনটাই। কুঁচকির চোটে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ না খেলে বার্সেলোনায় ফিরে আসার মেসিকে নিয়ে সংশয় ছিল আগে থেকেই। সুয়ারেসের সমস্যা অবশ্য চোট নয়, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণেই হয়তো আলাবেসের বিপক্ষে বেঞ্চে থাকবেন তিনি। সংশয় আছে নেইমারের একাদশে থাকা নিয়েও। প্রাক মৌসুম প্রস্তুতিতে নেইমার ছিলেন না দলের সঙ্গে, বুধবার বার্সেলোনায় ফিরেছেন ১০৬ দিন পর। দীর্ঘ দিন দলের বাইরে থাকায় লুই এনরিকে সম্ভবত ঝুঁকি নেবেন না তাকে নিয়ে। তাই শুরুতে বেঞ্চে থাকার সম্ভাবনাই বেশি।
লা লিগার দুই ম্যাচের দুটিতেই জিতেছে বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে আগের ম্যাচে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে ১-০ গোলে। আজ তৃতীয় জয়ের খোঁজে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
/কেআর/








