আন্তোনিও কন্তে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত সুযোগ পাননি প্রিমিয়ার লিগের একাদশে। ব্রিটিশ সংবাদমাধ্যমে তাই জোর গুঞ্জন, চেলসিতে দিন ফুরিয়ে গেছে সেস্ক ফাব্রেগাসের। জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করার পর সেই গুঞ্জনের কড়া জবাব দিলেন স্প্যানিশ মিডফিল্ডার। ইংলিশ লিগ কাপে লিস্টার সিটির বিপক্ষে ব্লুরা ৪-২ গোলের জয় পেয়েছে ফাব্রেগাসের দুর্দান্ত পারফরম্যান্সে।
অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে এক মিনিটের ব্যবধানে দুই গোল করে চেলসির জয় নিশ্চিত করেন ফাব্রেগাস। অথচ লিস্টারের দাপটে প্রথমার্ধের চিত্রটা ছিল একেবারে ভিন্ন। ম্যাচ ঘড়ির ১৭ মিনিটে শিনজি ওকাজাকির লক্ষ্যভেদে এগিয়ে গিয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। জাপানিজ ফরোয়ার্ড ৩৪ মিনিটে আবার জাল খুঁজে পেলে দুই গোলের লিড পায় লিস্টার। যদিও বিরতিতে যাওয়ার আগেই গ্যারি কাহিলের গোলে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল চেলসি। আর সেটা প্রমাণও করে ৪৯ মিনিটে চেজার অ্যাজপিলিকুয়েতার গোলে সমতায় ফিরলে। এর পর কোনও দলই আর করতে পারেনি গোল। ম্যাচ গড়ায় তাই অতিরিক্ত সময়ে, সেখানেই নিজেকে প্রমাণ করেন ‘বাতিল’ হয়ে যাওয়া ফাব্রেগাস। আগেই অবদান রেখেছিলেন সতীর্থকে দিয়ে গোল করিয়ে, যদিও কাজের কাজটা করেন তিনি ৯২ মিনিটে প্রথমবার জাল খুঁজে পেয়ে দলকে এগিয়ে নিয়ে। আর মিনিট দুয়েক পর দ্বিতীয়বার লক্ষ্যভেদ করলে জয়ের আনন্দে মাতে চেলসি।
চলতি মৌসুমে এই ম্যাচ দিয়েই প্রথমবার সুযোগ পেয়েছিলেন তিনি একাদশে। প্রথম সুযোগেই নায়ক বনে গেলেন ফাব্রেগাস। ম্যাচ জেতার পর সমালোচনা করা মিডিয়াকে ধুয়ে দিয়েছেন তিনি, ‘প্রথমত আমি ভীষণ খুশি একাদশে সুযোগ পেয়ে, দ্বিতীয়ত দলকে সাহায্য করতে পেরেছি, যেটা অসাধারণ। আশা করছি বিষয়টা কিছু সাংবাদিক, দৈনিক ও অন্যান্য আরও অনেকের মুখ বন্ধ করবে; যারা অনেক আজেবাজে কথা বলাবলি করছিল।’ সঙ্গে যোগ করলেন, ‘আমার নজরে ছিল ভালো খেলা, আর যখনই সুযোগ পাব, নিজের সেরাটা দেখাব। কারণ আমি জানি আমি কী করতে পারি।’
জিতে ফিরেছে আর্সেনালও। নটিংহ্যাম ফরেস্টের মাঠ থেকে গানাররা জিতেছে ৪-০ গোলে। ডার্বি কাউন্টির মাঠ থেকে লিভারপুল আবার জিতে ফিরেছে ৩-০ গোলে।
/কেআর/








