রেগে যাওয়াটা তার স্বাভাবিক। আর্জেন্টিনার ম্যাচ আসার আগেই চিন্তায় থাকতে হয় লিওনেল মেসি ফিট থাকবেন তো! লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের আগের রাউন্ডেও ঘোর সংশয় জন্মেছিল আর্জেন্টাইন অধিনায়কের খেলা নিয়ে। শঙ্কার পড়ে গেছে সামনের মাসের দুই রাউন্ডের খেলা নিয়েও। আলবিসেলেস্তে কোচ এদগার্দো বাউসা তাই ধুয়ে দিয়েছেন বার্সেলোনা কর্তৃপক্ষকে। কাতালান ক্লাবটির দিকে আঙুল তুলে তিনি জানিয়েছেন, মেসির দেখভাল ঠিকঠাক করে না বার্সেলোনা।
অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লিগ ম্যাচে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। পরে বার্সেলোনা থেকে জানানো হয়েছে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। নতুন করে চোটে পড়ার পর বার্সেলোনার কঠিন সমালোচনা করেছেন বাউসা। ‘ফক্স স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বার্সেলোনা আমাদের সব সময় বার্তা পাঠায় যে অবশ্যই আমরা মেসির সুরক্ষা নিয়ে ভাবি। কিন্তু সত্যি হলো ওরা লিওv দেখভাল ঠিকমতো করে না। বিস্ময়কর ব্যাপার হলো ওরা মেসিকে সব ম্যাচে খেলায়।’
উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে মেসি খেলতে পারেননি ভেনিজুয়েলার বিপক্ষে। যদিও বার্সেলোনার ফেরার পর টানা খেলেছেন দেপোর্তিভো আলাবেস, সেল্টিক, লেহানেস ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। মেসিকে সারিয়ে তোলার প্রক্রিয়াতেও অসন্তুষ্ট বাউসা, ‘বার্সেলোনার কাছ থেকে অফিসিয়াল প্রতিবেদন পেয়েছি। এই ধরনের চোট থেকে সেরে উঠতে ওরা যে সময়টা দিয়েছে, তা মোটেও যথেষ্ট নয়। এই বিষয়টিও আমাদের কাছে অবাক লেগেছে।’ চোটের অবস্থা কতটা গুরুতর এ বিষয়ে অবশ্য মেসির সঙ্গে এখনও কথা হয়নি তার, ‘লিওর সঙ্গে চোট বিষয়ে এখনও কোনও কথা হয়নি, তবে আমরা জানি এই ধরনের চোট কতটা গুরুতর।’
/কেআর/








