এখনও মাঠের বাইরে লিওনেল মেসি। ইতিমধ্যে খেলতে পারেননি বার্সেলোনার কয়েকটি ম্যাচ। ক্লাবের পর মিস করবেন জাতীয় দল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটিও। গত কয়েক মাসে তিনবার মাঠের বাইরে ছিটকে যাওয়া মেসি এখন নাকি দুঃশ্চিনায় পড়ে গেছেন চোট নিয়ে। আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসা জানিয়েছেন এমনটাই। যদিও মেসি-ভক্তদের জন্য খুশির খবরও দিয়েছেন তিনি। বার্সেলোনা ফরোয়ার্ড যে সেরে উঠছেন দ্রুত।
গত মাসে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কুঁচকিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় মেসিকে। পরে বার্সেলোনা কর্তৃপক্ষ জানায়, সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগবে আর্জেন্টাইন খুদে জাদুকরের। এখন সেরে উঠার কাজই করে যাচ্ছেন মেসি। যদিও বারবার চোটের পড়ায় খানিকটা চিন্তার মেঘ জমেছে মেসির মনে। বিশেষকরে সব সময় মাঠে থাকার জন্য মুখিয়ে থাকা মেসির খেলতে না পারায় হতাশাটা আরও বেশি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসির চোটের অবস্থার কথা জানাতে গিয়ে বাউসা বলেছেন, ‘মেসি ওর চোট নিয়ে চিন্তিত। ও মাঠে নামার জন্য মুখিয়ে থাকে সব সময়, এখন তাই বসে থাকাটা ওর জন্য খুব কঠিন ব্যাপার।’
বার্সেলোনা ফরোয়ার্ড দ্রুত সেরে উঠছেন বলেও দিলেন খুশির খবর, ‘ওকে আমাদের স্কোয়াডে রাখার কোনও সুযোগ নেই। আমাদের একসঙ্গে ওর যত্ন নিতে হবে। বার্সেলোনার ডাক্তারি দল খুব ভালো করেই জানে মেসি কি করতে যাচ্ছে। যাইহোক ওর সেরে উঠার কাজ যেভাবে এগোচ্ছে, সেটা খুব খুশির খবর। আমার বিশ্বাস মেসি ওর সেরা ফর্মটা নিয়েই ফিরবে।’
/কেআর/








