হারটাই নিয়তি হয়েছিল এতদিন। জয় তো দূরে থাক, ড্র পর্যন্ত করতে পারেনি তারা বার্সেলোনার বিপক্ষে। অপ্রতিরোধ্য সেই দলের বিপক্ষেই আজ (মঙ্গলবার দিবাগত রাতে) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো ম্যানচেস্টার সিটি। তাতে পেপ গার্দিওলাও হলেন সফল। তার সাবেক ক্লাবের বিপক্ষে আগের ম্যাচে যে বিধ্বস্ত হতে হয়েছিল ৪-০ গোলে! ইকে গুন্ডোগানের জোড়া গোলের সঙ্গে ও কেভিন ডি ব্র“ইনের লক্ষ্যভেদে বড় জয় পেয়েছে তারা ঘরের মাঠ ইতিহাদে।
গার্দিওলার দলের বিপক্ষে লিওনেল মেসির ভালো করার তাড়না যেন খুব বেশি। তা নয়তো কী! বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময়ও গার্দিওলাকে হতাশার আগুনে পোড়াতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এখন ম্যানসিটিতে যোগ দেওয়া সাবেক এই কোচকে বলতে গেলে একাই হারিয়ে দিচ্ছেন তিনি। ন্যু ক্যাম্পের ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি, ইতিহাদের ম্যাচের গোলের শুরুটাও করেছিলেন তিনিই। ২১ মিনিটে নেইমারের পাস থেকে লক্ষ্যভেদ করে বার্সেলোনাকে এগিয়ে নিলেও এবার আর শেষ করতে পারেননি জয় দিয়ে। কাউন্টার অ্যাটাকে তিনিই নেইমারের উদ্দেশে লম্বা বল বাড়িয়েছিলেন নিজেদের ডি বক্সের সামনে থেকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যানসিটির এক ডিফেন্ডারকে কাটিয়ে পাস বাড়ান ক্ষীপ্রগতিতে মাঝখানে জায়গা করে নেওয়ার মেসির উদ্দেশে। আর আর্জেন্টাইন অধিনায়ক সেটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে স্বভাবসুলভ গোলে এগিয়ে নেন বার্সেলোনাকে।
প্রথমার্ধটা বার্সেলোনারই হতে যাচ্ছিল। আরও কয়েকটি গোলের সুযোগ যে তৈরি করেছিল তারা। কিন্তু হতে দেননি গুন্ডোগান, জার্মান এই মিডফিল্ডারের গোলেই তো ৩৯ মিনিটে সমতায় ফেরে ম্যানসিটি। কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া বল সের্হিয়ো আগুয়েরো বাড়িয়েছিলেন ডান প্রান্তে রহিম স্টারলিংয়ের দিকে। ইংলিশ উইঙ্গারের নিচু ক্রস অনেকটা দৌড়ে দারুণ শটে জালে জড়ান গুন্ডোগান। ১-১ সমতা অবশ্য থাকেনি বেশিক্ষণ, বিরতির খানিক পরই লিড নেয় বদলে যাওয়া ম্যানসিটি। এবার স্কোরশিটে নাম তোলেন কেভিন। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে তার নেওয়া ফ্রি কিক বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের হাতে ছোঁয়া দিলেও রক্ষা পায়নি। আর ৭৪ মিনিটে গুন্ডোগান দ্বিতীয়বার জাল খুঁজে পেলে বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই প্রথম ইংলিশ ক্লাবটির বিপক্ষে হারের মুখ দেখলো বার্সা। খুব বেশি দেখা না হলেও ২০১৪ সাল থেকে বলতে গেলে নিয়মিতই মুখোমুখি হচ্ছে তারা। এর আগে দেখা হওয়া পাঁচবারের সবক’টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ষষ্ঠবারে গার্দিওলার ছোঁয়ায় বার্সা-বধ হলো ম্যানসিটির।
গার্দিওলার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ জয় পেয়েছে পিএসভি এইন্দহোফেনের মাঠে। রবার্ত লেভানদোস্কির জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে হারিয়েছে ডাচ ক্লাবকে। ইংলিশ আরেক ক্লাব আর্সেনালও ৩-২ গোলে জিতে ফিরেছে লুদোগোরেটসের মাঠ থেকে। অ্যাতলেতিকো মাদ্রিদ ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে রোস্তভের বিপক্ষে।
/কেআর/








