জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফেনী সকার ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। জোড়া গোল করে ম্যাচ জয়ের নায়ক হয়েছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটির ৩৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাদার্স। বক্সের বাইরে থেকে লম্বা পাস দেন ডিফেন্ডার সালাউদ্দিন। বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান এনকোচা কিংসলে ।
৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্স ইউনিয়ন। ফরোয়ার্ড মান্নাফ রাব্বির সেন্টারে লাফিয়ে উঠে বলে মাথা ছুঁইয়ে গোল করেন হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন। ৭০ মিনিটে পেনাল্টি পায় ব্রাদার্স ইউনিয়ন। অগাস্টিন ওয়ালসনকে ফাউল করেন ডিফেন্ডার কামারা। এনকোচার স্পট কিক গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।
৮২ মিনিটে সান্ত্বনাসূচক গোলটি করে ফেনী সকার ক্লাব। টুয়াম ফ্রাঙ্কের স্কয়ার পাসে বক্সের ভেতরে বল পান মিডফিল্ডার চৌমরিন রাখাইন, ঠাণ্ডা মাথায় তিনি বল ঠেলে দেন দূরের পোস্টে।
১২ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে ব্রাদার্স উঠে আসলো সপ্তম স্থানে। আর নয় পয়েন্ট নিয়ে ফেনীর দশম স্থান অপরিবর্তিতই রইলো।
/আরএম/এফআইআর/








