বার্সেলোনাকে নিজ মাঠে চ্যাম্পিয়ন্স লিগে হারানোর আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারল না ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে মিডলসবোরোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। সিটিজেনদের সঙ্গে হতাশ হতে হয়েছে সার্জিও আগুয়েরোকে। শনিবারের লিগ ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটিকে প্রথমার্ধে যথেষ্ঠ ভোগাতে পেরেছে বোরোরা। আগুয়েরো ও ডেভিড সিলভাকে শুরুতেই রুখে দেন ভিক্টর ভালদেস। তবে বিরতির ঠিক আগে আগুয়েরো ম্যানসিটির জার্সিতে ১৫০তম গোল করেন, ক্লাবটির হয়ে নিজের ২২৩ ম্যাচে কেভিন ডি ব্রুইনের পাস থেকে ১-০ স্কোর করেন আর্জেন্টাইন।
দ্বিতীয়ার্ধে ক্লাউদিও ব্রাভো প্রতিহত করেন সিটির সাবেক খেলোয়াড় আলভারো নেগ্রেদোকে। অ্যাডাম ফোরশোকেও রুখে দেন বার্সার সাবেক ও ম্যানসিটির বর্তমান গোলরক্ষক। পুরো তিন পয়েন্ট নিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা শীর্ষস্থানটা আরও শক্ত করার আভাস দিচ্ছিল। কিন্তু আচমকা মার্টিন ডি রুনের শেষ মিনিটের গোলে হোঁচট খায় ম্যানসিটি।
১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল সিটিজেনরা। কিন্তু চেলসি ও এভারটনের ম্যাচ শেষ হতেই দুইয়ে নামতে হয় তাদের। ইডেন হ্যাজার্ডের জোড়া গোলে স্ট্যামফোর্ড ব্রিজে ৫-০ গোলে জিতেছে চেলসি; এছাড়া দিয়েগো কস্তা, মার্কোস অ্যালোনসো ও পেদ্রো একটি করে গোল পান। ম্যানসিটির চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে চেলসি। এদিকে এক ম্যাচ কম খেলা আর্সেনাল ও লিভারপুল মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে ম্যানসিটিকে চারে নামানোর হুমকি দিচ্ছে।
এছাড়া অন্য ম্যাচে সান্দারল্যান্ড প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম জয় পেয়েছে ২-১ গোলে, বোর্নমাউথের বিপক্ষে। লন্ডন স্টেডিয়ামে স্টোকসিটি ও ওয়েস্ট হ্যাম ১-১ গোলে ড্র করে। ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারায় বার্নলি। ইএসপিএন এফসি
/এফএইচএম/








