গত সপ্তাহে ছয় বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন গ্যারেথ বেল। সম্পর্ক দৃঢ় করার পরপরই দারুণ পারফরম্যান্স দলকে উপহার দিলেন ওয়েলস তারকা। রোববার লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে রিয়ালের হোম ম্যাচ জয়ে জোড়া গোল করেছেন বেল। পুরো তিন পয়েন্ট পাওয়ায় ১১ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট তাদের, টেবিলের এক নম্বর জায়গায় তাদের অবস্থান বেশ শক্ত হলো। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা বার্সা রাতে সেভিয়ার মাঠে নামবে ব্যবধান কমানোর লক্ষ্যে।
সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেস দৃঢ়তার সঙ্গে শুরু করে। টানা তিন হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল তারা। কিন্তু প্রথমার্ধের শেষ ৭ মিনিটে বেলের জোড়া গোলে টানা চার নম্বর হারের স্বাদ নিতে হয় দলকে। এ হারে ১৭ নম্বরে থাকতে হচ্ছে লেগানেসকে।
এ জয়ে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লেগিয়া ওয়ারশের সঙ্গে ড্রর দুঃখ কিছুটা হলেও ভুলতে পেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। স্পেনের শীর্ষ লিগে এখনও তারা একমাত্র অপরাজিত দল। খেলার ১৪ মিনিট বাকি থাকতে টনি ক্রুসের পাস থেকে তৃতীয় গোল করেন আলভারো মোরাতা। সব ধরনের প্রতিযোগিতায় এটি ছিল তার ষষ্ঠ গোল। ইএসপিএন এফসি
/এফএইচএম/








