ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো লড়াইয়ে মুখোমুখি বার্সেলোনার দুই সতীর্থ নেইমার ও লিওনেল মেসি। দুই বন্ধুর প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত জিতলেন ব্রাজিলিয়ান তারকা। অন্যদিকে রোজারিওতে জন্ম নেয়া স্ট্রাইকার আলো ছড়াতে পারলেন না। মেসিকে ছাপিয়ে সৌরভ ছড়ালেন নেইমার। শুক্রবার বেলো হরিজন্তেতে আর্জেন্টিনাকে লজ্জা দেয়ার ম্যাচে মাইলফলক ছুঁলেন তিনি।
আর্জেন্টিনার বিপক্ষে চার ম্যাচে জয়হীন থেকে মাঠে নেমেছিল ব্রাজিল, যেই সময়ে মেসি করেছেন ৬ গোল। এবার তাকে ছায়ায় রেখে নজর কাড়লেন নেইমার। মিনেইরো স্টেডিয়ামে এবার চমৎকার পারফরম্যান্স করে গত মুখোমুখি লড়াইয়ের হতাশাগুলো এক নিমিষেই কাটালেন নেইমার। আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন সান্তোসের সাবেক তারকা। একইসঙ্গে রেকর্ড গড়েন ব্রাজিলের অলিম্পিক স্বর্ণজয়ী অধিনায়ক। গত চার ম্যাচে চার গোল ও পাঁচটি বানিয়ে দিয়ে বাছাইপর্বে তিতের দলকে শীর্ষে রাখার পাশাপাশি দেশের হয়ে ৫০তম গোল করলেন ২৪ বছর বয়সী। এ মাইলফলকে পৌঁছাতে তিনি সময় নেন ৭৪ ম্যাচ।
ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে নেইমার। তৃতীয় স্থানে থাকা রোমারিওর চেয়ে এখন মাত্র ৫ গোল পেছনে তিনি। তার ওপরে অন্যরা হলেন রোনালদো (৬২) ও পেলে (৭৭)। মার্কা
/এফএইচএম/








