ছন্দে ফিরতেই পারছেন না আর্জেন্টিনা। সেটা যেমন লিওনেল মেসিকে ছাড়া, তেমনি তাদের অধিনায়ককে নিয়েও। মেসি দলে থাকার পরও তো ব্রাজিলের মাঠ থেকে ৩-০ গোলের লজ্জা নিয়ে ফিরতে হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জয়হীনভাবে টানা চার ম্যাচ কাটানোর পর তাই কোচ এদগার্দো বাউসার সামর্থ্য নিয়েও উঠেছে প্রশ্ন। বিশেষকরে টানা দুই ম্যাচ হারের পর তার চাকরি হারানোর গুঞ্জনও ছড়িয়েছে আর্জেন্টাইন মিডিয়ায়।
যদিও চাকরি হারানো নিয়ে এতটুকু দুশ্চিন্তা নেই বাউসার। কোচিং ক্যারিয়ারের অতীত অভিজ্ঞতা তাকে চাকরি হারানোর ভয় থেকে রাখছে দূরে। যে দলের কোচ হিসেবে বাউসা বিখ্যাত হয়েছেন, সেই কুইতোতে থাকার সময়েই হয়েছে বিস্ময়কর অভিজ্ঞতা। রূপকথার জন্ম দিয়ে ইকুয়েডরের এই ক্লাবকে বাউসা জিতেছিলেন লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব কোপা লিবার্তাদোরেসের শিরোপা। অথচ ট্রফি জয়ের মাস চারেক পরই ভয়ঙ্কর এক পরিস্থিতির শিকার হয়েছিলেন ক্লাব ভক্তদের সামনে। বাজে পারফরম্যান্সের কারণে কুইতোর সমর্থকরা এতটাই ক্ষুব্দ হয়েছিল যে, পারলে মেরে ফেলে বাউসাকে! দুঃসহ সেই স্মৃতিটাই সামনে এনেছেন আর্জেন্টিনার চাকরি হারানোর গুঞ্জনে, ‘কুইতোতে আমাকে স্টেডিয়াম থেকে বের হতে হয়েছিল ট্রাকে করে, কারণ দলটির সমর্থকরা মেরে ফেলতে চেয়েছিল আমাকে। অথচ মাস চারেক আগে আমরা জিতেছিলাম লাতিন আমেরিকার (কোপা লির্বাতাদোরেস) শিরোপা।’ এএফপি
/কেআর/








