লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন নতুন নয়। উঠেছে আবার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি নন আর্জেন্টাইন অধিনায়ক। হয়তো অতীতের মতো এবারও শেষ পর্যন্ত গুঞ্জনটি মিলিয়ে যাবে বাতাসে। তবে এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে তা একেবারেই, বিশেষকরে কর জটিলতা নিয়ে মেসি বারবার হেনস্থার শিকার হওয়ায়। শেষ পর্যন্ত যদি মেসি বার্সেলোনা ছেড়েই যান, তাহলে কোথায় যেতে পারেন তিনি। সম্ভাব্য অনেক জায়গাই আছে, তবে পরিস্থিতি ও সম্পর্কের দিক বিবেচনা করলে এগিয়ে থাকবে ম্যানচেস্টার সিটি।
কর ফাঁকির মামলায় মেসির ২১ মাসের জেলের রায় শুনিয়েছিল বার্সেলোনার এক আদালত। যদিও স্পেনের আইন অনুযায়ী প্রথমবার দোষী প্রমাণিত হওয়ার পর শাস্তি যদি দুই বছরের কম হয়, তাহলে জেল খাটতে হবে না তাকে। এই কারণে ফুটবল মাঠ ছেড়ে জেলে যেতে হয়নি মেসিকে। কিন্তু কঠিন এই পরিস্থিতির সামনে পড়া আর্জেন্টাইন অধিনায়ক আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না সম্ভবত স্পেনে। মার্কার খবর তাই, ২০১৮ সালের জুন পর্যন্ত থাকা চুক্তিটা শেষ করেই বিদায় বললেন বার্সেলোনাকে। কাতালান ক্লাবটি ছেড়ে গেলে মেসির সম্ভাব্য ঠিকানা হতে পারে ইংল্যান্ডের ম্যানসিটি। এই ক্লাবের কোচের দায়িত্বে থাকা পেপ গার্দিওলা তো বটেই কাজ করার অভিজ্ঞতা আছে ফুটবল পরিচালক জিকি বেজিরিস্তিয়ান ও নির্বাহী পরিচালক ফেরান সরিয়ানোর সঙ্গে। খ্যাতির শীর্ষে উঠার পথে মেসি কোচ হিসেবে গার্দিওলাকে পেয়েছেন চার বছর। আর বাকি দুজনের সঙ্গে কাজ করেছেন যথাক্রমে সাত ও পাঁচ বছর।
পরিচিত ও কাজ করার অভিজ্ঞতা থাকায় বার্সা ছাড়লে মেসি যেতে পারেন ম্যানসিটিতে! যদিও ১৮ অক্টোবর কাতালাদের বিপক্ষে ইংলিশ ক্লাবটির ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার আগের দিন গার্দিওলা বলেছিলেন, ‘আমি মেসিকে ডাকতে চাই না। আমি চাই ওর ক্যারিয়ারটা শেষ হোক এখানেই (বার্সেলোনা)।’ যদিও পর মুহূর্তে অন্যভাবে ঠিকই মেসিকে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, ‘অবশ্য একই সঙ্গে এটাও ঠিক, সন্তানদের ইংরেজি শিখাতে কিংবা অন্য কোনও জায়গার অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছাও থাকতে পারে ওর। অবশ্য ও বার্সা ছেড়ে গেলে ৪ থেকে ৬টা ক্লাব চাইবে দলে নিতে।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘যদিও সব কিছুর সিদ্ধান্ত নেবে লিও। এখানে আমার কিংবা অন্য কারও কিছু বলার নেই।’ মার্কা
/কেআর/








