থামানোই যাচ্ছে না ব্রাজিলকে। দুরন্ত গতিতে ছুটছে তারা বিশ্বকাপ বাছাইয়ে। আগের ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর নেইমাররা আজ (বুধবার) নেমেছিল পেরুর মাঠে। প্রতিপক্ষের মাঠ থেকেও দাপুটে জয় নিয়েই ফিরেছে ব্রাজিল। গাব্রিয়েল হেসুস ও রেনাতো অগাস্তোর লক্ষ্যভেদে সেলেসাওরা পেয়েছে ২-০ গোলের জয়। এ নিয়ে বাছাই পর্বে টানা ষষ্ঠ জয় পাওয়া ব্রাজিল থাকল পয়েন্ট টেবিলের শীর্ষেই।
দিন কয়েক আগে তারা মিনেইরোতে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-০ গোলে হারানোর পথে পাওয়া গিয়েছিল অন্য এক ব্রাজিলকে। পেরুর জন্য তাই অপেক্ষা করছিল কঠিন পরীক্ষা। যদিও অ্যাওয়ে ম্যাচ বলে চ্যালেঞ্জটা কম ছিল না ব্রাজিলের জন্যও। প্রথমার্ধে সেই চ্যালেঞ্জটা উতরাতে পারেনি কিন্তু নেইমাররা। লিমার ম্যাচে বিরতিতে গিয়েছিল যে গোলশূন্যভাবে। যদিও বিরতির পর বদলে যায় সব। ৫৮ মিনিটে ডি বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে এগিয়ে নেন হেসুস। আর ৭৮ মিনিটে এই ফরোয়ার্ডের পাস থেকেই স্কোরশিটে নাম তোলেন অগাস্তো। ২-০ ব্যবধান হওয়ার আগ মুহূর্তেই নেইমারের শট আঘাত করেছিল ক্রসবারে। গোল সংখ্যা না বাড়লেও সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। সঙ্গে স্বস্তি নিয়ে ফিরেছে দেশে।
বাছাই পর্বে রীতিমত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ব্রাজিল। টানা ছয় ম্যাচে জয়, যার মধ্যে রয়েছে আবার তিনটি অ্যাওয়ে ম্যাচ। তিতের অধীনে বদলে যাওয়া ব্রাজিলের শীর্ষস্থানটা নিশ্চিত হয়েছিল আগেই। সেটা আরও পাকাপোক্ত হয়েছে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে যাওয়ায়। ১২ ম্যাচ শেষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ২৭। গোল ডটকম
/কেআর/








