প্রথমে আর্জেন্টিনা, এর পর পেরু জয়-লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে থাকা ব্রাজিল এখন রাশিয়ার মূল পর্বের খুব কাছে। এ বছর আর কোনও খেলা না থাকায় পুরো ব্রাজিল দল এখন গা ছেড়ে দিয়ে আরামে থাকতেই পারে। নেইমার কিন্তু আক্ষরিক অর্থেই গা এলিয়ে দিলেন হ্যামোকে (দোল খাওয়া বিছানাবিশেষ)। ব্যক্তিগত জেটে বার্সেলোনায় ফেরার আগে ব্রাজিলের সমুদ্র সৈকতের পাশে এক রিসোর্টে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অবকাশ যাপনের বিষয়টি ভাগাভাগি করেছেন নেইমার ভক্তদের সঙ্গে।
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে গোল করার পর দুর্দান্ত পারফরম্যান্সে পেরুর বিপক্ষে জয়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নেইমার। জয় উদযাপন শেষে অবকাশ যাপনের ছবি পোস্ট করেছেন তিনি নিজের ইনস্টাগ্রামে। বার্সেলোনা ফরোয়ার্ডকে ছবিতে দেখা যাচ্ছে হ্যামোকে শুয়ে থাকতে। পড়ে আছেন শুধু শর্টস, মাথায় বেসবল ক্যাপ, আর চোখে রোদচশমা। ছবির পাশে ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘ল্যাগুনে দারুণ সময়’।
অবকাশ যাপনটা অবশ্য লম্বা করার সুযোগ ছিল না সাবেক সান্তোস ফরোয়ার্ডের। তাকে যে আবার উড়াল দিতে হয়েছে বার্সেলোনা উদ্দেশে। ইতিমধ্যে কাতালুনিয়ার রাজধানীতে পৌঁছেও গেছেন নেইমার। শুক্রবার অনুশীলন করেই পরের দিন তাকে ও বার্সেলোনাকে নেমে পড়তে হবে মালাগার বিপক্ষে ঘরের মাঠের লা লিগা ম্যাচে। মেইল অনলাইন
/কেআর/








