মাঠের লড়াই তো বটেই, একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল ম্যাচের উত্তেজনা ছড়াতো ডাগ আউটেও। কথার লড়াইয়ে স্যার অ্যালেক্স ফার্গুসন-আর্সেন ওয়েঙ্গারের লড়াইটা যোগ করতো ভিন্নমাত্রা। সেই দিন এখন অতীত। ফার্গুসনের অবসরের পর তো আরও রঙ হারিয়েছিল ইংলিশ দুই জায়ান্টের লড়াই। এবার অবশ্য উত্তাপ ফিরেছে ম্যানইউয়ের কোচ হিসেবে হোসে মরিনহো যোগ দেওয়ায়। ওয়েঙ্গারের সঙ্গে পর্তুগিজ কোচের সম্পর্কটা যে ‘দা-কুমড়া’! ডাগ আউটের সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগে দুই দলের লড়াইটাও হলো তাই জাকজমক। যে লড়াইয়ে জেতেনি কেউই, ড্র হয়েছে ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে হুয়ান মাতার গোলে করা স্বাগতিক ম্যানইউয়ের উৎসব মাটি করে দিয়েছে আর্সেনাল শেষ বাঁশি বাজার আগে অলিভিয়ের জিরদের লক্ষ্যভেদে।
কঠিন উত্তেজনার আচ ছিল আগে থেকেই। ওল্ড ট্র্যাফোর্ডে মঞ্চায়িত হলোও দুর্দান্ত এক ম্যাচ। মরিনহোর কাউন্টার অ্যাটাক ফুটবলে মাধেমধ্যেই কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে আর্সেনালকে। কড়া মার্কিং ফুটবলে আর্সেনাল নিজেদের স্বভাবসুলভ ফুটবল খেলতে পারেনি ঠিকঠাক। প্রথমার্ধের বিচারে তাই এগিয়ে ছিল ম্যানইউ। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে অবশ্য ভুল হয়নি তাদের। ৬৮ মিনিটে চমৎকার এক গোলে ‘রেড ডেভিলদের’ এগিয়ে নেন মাতা। ডান প্রান্ত দিয়ে পল পগবার পাস বক্সের ভেতর থেকে আন্দের এরেরা ঠেলে দিলেন পেছন দিকে। স্প্যানিশ মিডফিল্ডারের পাস বাঁ পায়ের বুলেট গতির শটে জালে জড়ান স্বদেশি মাতা। ওল্ড ট্র্যাফোর্ডে তখন উৎসবের আমেজ।
৮৯ মিনিট পর্যন্ত টিকে ছিল এই উৎসব। গোলের পর জয় উৎসবে মাতার পরিকল্পনাও হয়তো তখন নিচ্ছিল স্বাগতিক সমর্থকরা। ঠিক তখনই বুকে ছুরি বসিয়ে দিলেন জিরদ! ডান প্রান্ত থেকে অ্যালেক্স ওক্সলাড-চেম্বারলিনের ক্রস অনেকটা লাফিয়ে দুর্দান্ত একে হেডে বল জালে জড়িয়ে দেন ফরাসি স্ট্রাইকার।
শেষ মুহূর্তের গোলে তাই হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় ম্যানইউকে। অন্যদিকে প্রায় হারতে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারার আনন্দে মাতোয়ারা আর্সেনাল। এই ড্রতে ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ম্যানইউকে থাকতে হলো ষষ্ঠ স্থানেই। যদিও এই রাউন্ডের সব খেলা শেষ হয়নি বলে সম্ভাবনা রয়েছে পয়েন্ট টেবিলে তাদের জায়গা নড়চড় হওয়ার। গোল ডটকম
/কেআর/








