রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত একটি পয়েন্টও জুটাতে পারেনি যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার বাছাই পর্বে অবস্থান একেবারে তলানিতে। তাই দলের এমন দশায় কোচ ও সাবেক জার্মান তারকা ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সঙ্গে আর থাকতে চাইছে না যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্থা। তাকে একেবারে ছাঁটাই করেই নতুন পথে হাঁটছে ইউএস সকার।
সাম্প্রতিক পারফরম্যান্স বাজে হলেও ৫২ বছর বয়সী ক্লিন্সম্যানের অধীনেই ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল যুক্তরাষ্ট্র। ১৯৯০ বিশ্বকাপ জয়ী এই তারকা দলটির দায়িত্ব নেন ২০১১ সালে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ফুটবলের প্রধান সুনিল গুলাটি তাকে ছাঁটাইয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘সাম্প্রতিক ফর্ম ও অবস্থা দেখে এটাই মনে হয়েছে যে আমাদের নতুন পথেই হাঁটতে হবে।’
সংস্থাটির প্রধানের বক্তব্যেই স্পষ্ট যে তারা ক্লিন্সম্যানের অধীনে দলের বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্সে তুষ্ট নয়। তারপরেও নতুন পথে হেঁটে ভালো কিছু অর্জন সম্ভব বলে মনে করেন গুলাটি, ‘আমরা এখনও আত্মবিশ্বাসী যে আমাদের সেরকম মানের খেলোয়াড় আছে। যারা রাশিয়া বিশ্বকাপে আমাদের নিয়ে যেতে পারবে।’
রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে সেভাবে আলো ছড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে মেক্সিকোর কাছে ২-১ গোলে হার। দেশের বাইরে কোস্টা রিকার কাছে ৪-০ গোলের হার। এই অবস্থায় পয়েন্ট টেবিলে শূন্য সংগ্রহ নিয়ে সবার নিচেই অবস্থান করছে যুক্তরাষ্ট্র।
/এফআইআর/








