গত নভেম্বরের শেষদিকে কলম্বিয়ার মেডেলিনে যাওয়ার পথে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহত হন ব্রাজিলিয়ান ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। আর এ ক্লাবটিকে আর্থিকভাবে সহায়তা দিতেই মাঠে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়ার জাতীয় দল। ম্যাচটি থেকে পাওয়া অর্থ যাবে ক্লাবটির তহবিলে।
শাপেকোয়েনসের জন্য অর্থ উত্তোলনে প্রস্তাবিত ব্রাজিল ও কলম্বিয়ার প্রীতি ম্যাচ হবে আগামী ২৫ জানুয়ারি রিও ডি জেনেইরোতে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ খবর নিশ্চিত করেছে।
এ বছরের শুরুতে আয়োজিত অলিম্পিক গেমসের ভেন্যু নিলটন সান্তোস স্টেডিয়ামে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই দেশ। কোচ হিসেবে তিতে ওই ম্যাচে থাকবেন, তবে ব্রাজিল দলটি বাছাই করা হবে ঘরোয়া ক্লাবের খেলোয়াড়দের নিয়ে। জাতীয় দলের সমন্বয়ক এডু গ্যাস্পার বলেছেন, ম্যাচটি ফিফার সূচিতে নেই বলে ব্রাজিলিয়ান দলগুলোর খেলোয়াড়দের ডাকা হবে। তাছাড়া ইউরোপীয় ফুটবলে ব্যস্ত সময় কাটবে বলে খেলোয়াড়দের ডেকে ভিনদেশি ক্লাবগুলোকে বিরক্ত করতে চায় না তারা।
কোচ তিতে নতুনদের সুযোগ করে দিতে চান, ‘এটা হবে একটি বিশেষ ম্যাচ। কিন্তু আমরা এ ম্যাচে নজর দেব তাদের দিকে যারা বিভিন্ন সময় জাতীয় দলে সুযোগ পায়নি।’
তবে কলম্বিয়ার দল নিয়ে কোনও তথ্য এখনও জানায়নি সেই দেশের ফেডারেশন কর্মকর্তারা। সূত্র- গোলডটকম
/এফএইচএম/








