বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে সামলানো নিশ্চয় অনেক কঠিন? আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসা জানিয়ে দিলেন, ‘মোটেই না’, বরং বার্সেলোনা ফরোয়ার্ডকে কোচিং করানো খুব সহজ।
সময়ের সেরা ফুটবলার তিনি। ফুটবল বিশ্ব লিওনেল মেসিতে হয়ে থাকে বুঁদ। এত বড় মাপের খেলোয়াড়কে কোচিং করানোটা তো যে কোনও কোচের জন্যই চ্যালেঞ্জের। জাতীয় দল আর্জেন্টিনায় তাকে সামলানো এদগার্দো বাউসা অবশ্য মোটেও তেমনটা মনে করেন না। তার মতে, মেসিকে কোচিং করানো খুব সহজ।
কিছুদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল, আর্জেন্টিনা দল নাকি নিজে নির্বাচন করেন মেসি। তাতে কোচের হস্তক্ষেপ থাকে খুব সামান্য। সেই গুঞ্জনটাও অবশ্য উড়িয়ে দিয়েছিলেন বাউসা। এখন আবার তার কাছে জানাতে চাওয়া হয়েছিল মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতার বিষয়ে। বুয়েনস এইরেস ভিত্তিক সংবাদমাধ্যম ‘রেডিও রিভাদাভিয়া’র প্রশ্নের উত্তরটা দিয়েছেন বাউসা এভাবে, ‘কোচের জন্য মেসি হলো সবচেয়ে সহজ খেলোয়াড়। ওর সঙ্গে কাজ করাটা খুবই সহজ, কারণ ও সব সময় দলের ভালো করার চেষ্টা করে।’ মার্কা
/কেআর/








