এ বছর চ্যাম্পিয়নস লিগ, ইউরো ২০১৬ ও ক্লাব বিশ্বকাপ জেতার পর ক্রিস্তিয়ানো রোনালদো বিজয় করলেন সামাজিক মিডিয়াও।
ক্লাব ও দেশের হয়ে স্মরণীয় বছর কাটানোর পর নতুন বছর শুরুর মুহূর্তে আরেকটি অর্জন করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের জার্সিতে শীর্ষ সব শিরোপা জিতেই ক্ষান্ত হননি ‘সিআরসেভেন’। ফেসবুক-ইন্সটাগ্রামে অন্য সব বাঘা বাঘা ক্রীড়াবিদদের টপকে জনপ্রিয়তার শীর্ষে রোনালদো।
সামাজিক মিডিয়ার দুই সাইটে বিশ্বের সব পেশাদার খেলোয়াড়দের পেছনে ফেলেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ডের তিনটি ফেসবুক পোস্ট ও পাঁচটি ইন্সটাগ্রাম পোস্ট অন্য সবার চেয়ে জনপ্রিয়। ক্রাউডট্যাঙ্গল নামের একটি সামাজিক বিশ্লেষক টুল জানায়, তার এই সেরা পোস্টগুলোতে সব মিলিয়ে ৩৪ মিলিয়ন ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রতিক্রিয়া বলতে ফেসবুক পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার, ইন্সটাগ্রামে লাইক ও কমেন্টের এবং টুইটারে কমেন্ট ও রিটুইটের বিষয়গুলো বিবেচনা করেছে তারা।
ফেসবুকে ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় তিনটি পোস্টের শীর্ষে হলো ইউরো ২০১৬ ট্রফি হাতে নিয়ে আছেন রোনালদো। শুধু এই একটি পোস্টে ৭.৪ মিলিয়ন প্রতিক্রিয়া দেখা গেছে। অন্যগুলো হলো ছেলের সঙ্গে জন্মদিন উদযাপন এবং বিমানে পর্তুগাল দলের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ছবি।
ট্রফি নিয়ে আরও দুটি শট, নতুন গাড়ি, মঞ্চে শিরোপাজয়ী পর্তুগাল এবং অভিনেতা জ্যাসন স্ট্যাথামের সঙ্গে সাক্ষাত হচ্ছে রোনালদোর সবচেয়ে জনপ্রিয় ইন্সটাগ্রাম পোস্ট।
টুইটারে রাজত্বটা দখলে নিতে পারেননি সর্বশেষ ব্যালন ডি’অরজয়ী তারকা। এখানে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক তারকা সিমন বিলসের পোস্ট সবার উপরে। আর ফুটবলে টুইটারের সবচেয়ে জনপ্রিয় পোস্ট ম্যানইউতে জ্লাতান ইব্রাহিমোভিচের চুক্তি সম্পন্ন হওয়ার খবরটি। সূত্র- গোলডটকম
/এফএইচএম/








