প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেলিগেশন বা অবনমন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের শেষ দিনের খেলায় সকার ক্লাব ফেনী ২-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারালে প্লে-অফে যায় তাদের রেলিগেশন ভাগ্য।
ফরোয়ার্ড শাহরান হাওলাদার ৪৮ মিনিটে ও টুয়াম ফ্রাঙ্ক ৮৯ মিনিটে দুটি গোল করলে সকার ক্লাব পায় মহামূল্যবান এক জয়। তবে হেরে গেলো উল্টো ফলই হতো তাদের।
এ ম্যাচে হেরে গেলে ফেনী সরাসরি অবনমিত হতো। ২২ ম্যাচে সকারের অর্জন ১৮ পয়েন্ট। এর আগে উত্তর বারিধারাও তাদের নির্ধারিত ২২ ম্যাচ শেষ করেছে ১৮ পয়েন্টে।
তাই নিয়ম অনুযায়ী দুই দল এখন খেলবে দুটি প্লে-অফ ম্যাচ। এ ম্যাচে যারা হারবে তারা আগামী মৌসুমে আর বিপিএলে খেলতে পারবে না।
২২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লিগ শেষ করলো মুক্তিযোদ্ধা।
এদিকে প্লে অফে অবনমন ঠিক করা হলেও সেই ম্যাচের তারিখ এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
/আরএম/এফআইআর/








