মিডলসবোরোর বিপক্ষে পিছিয়ে পড়েও দুই মিনিটের ব্যবধানে দুই গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের পাঁড় ভক্ত উসাইন বোল্ট যারপরনাই খুশি। ম্যাচ পরবর্তী বিশ্লেষণে ম্যানইউ টেলিভিশনে (এমইউটিভি) ফোনই দিয়ে বসলেন জ্যামাইকান স্প্রিন্টার। আর গতিদানবের ফোনে টকশোর উপস্থাপকের চোখ তো ছানাবড়া।
ফোনকলটা উপস্থাপক ও উপস্থিত অতিথিদের কাছে এতোটাই অবিশ্বাস্য ছিল যে টুইটারে বিষয়টা নিশ্চিত করতে হয়েছে বোল্টকে। তারপর এমইউটিভি উপস্থাপক ম্যান্ডি হেনরি বুঝতে পেরেছেন ফোনটা সত্যিই এসেছিল ৯টি অলিম্পিক স্বর্ণজয়ীর কাছ থেকে।
ম্যাচ নিয়ে আলোচনায় শুরু থেকে অনেক ভক্তের কাছ ফোন পেয়েছেন হেনরি। একটি ফোন পেয়ে তিনি বলেছেন, ‘আমাদের পরবর্তী ফোনটি করেছেন জ্যামাইকা থেকে। আমরা এখন কথা বলব উসাইনের সঙ্গে- তিনি উসাইন বোল্ট নন, তাই না?’ অপর প্রান্ত থেকে তখন নিজেকে প্রমাণে ব্যস্ত জ্যামাইকান স্প্রিন্টার, ‘হ্যা উসাইন বোল্ট, আমি উসাইন বোল্ট।’
এরপর উপস্থাপকরা বেশ হতভম্ব হলেন। সেদিকে কর্ণপাত না করে ম্যাচ নিয়ে কথা বললেন বোল্ট, ‘তারা (ম্যানইউ) দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। মনে হয়েছে সেই পুরানো ম্যানইউ। তারা সফলভাবে প্রতিপক্ষকে মোকাবিলা করেছে। অনেক খেটেছে, একদম সফল দলের মতো। দারুণ ম্যাচ ছিল এটা, আমি খুব খুশি।’ অবশ্য কথা শেষে বিনয়ের সঙ্গেই ফোনকলটি রেখে দেন হেনরি।
টকশোতে নিজের উপস্থিতির বিষয়টি পরে বোল্ট জানান তার টুইটার অ্যাকাউন্টে, ‘আহা, এইমাত্র ম্যানইউ টিভির শোতে অবশ্যই আমিই ছিলাম।’ পরে টুইটারে অনুশোচনা করেছেন হেনরিও, ‘দুঃখিত উসাইন, আমরা ভাবতে পারিনি এটা আপনি ছিলেন। জ্যামাইকায় নতুন বছর উদযাপন করুন এবং আগামী সোমবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের পর আবার ফোন করবেন।’ সূত্র- টেলিগ্রাফ
/এফএইচএম/








