লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে বড় ধরনের হোঁচট খেল বার্সেলোনা। রিয়াল বেতিসের মাঠে ১-১ গোলের ড্র করেছে তারা। অবশ্য হারের শঙ্কায় পড়েছিল কাতালান জায়ান্টরা। শেষ মুহূর্তে লুই সুয়ারেসের গোল তাদের এক পয়েন্ট এনে দেয়।
লিওনেল মেসিকে থামাতে রুদ্ধদ্বার অনুশীলনের সুফল হাতেনাতে পেল বেতিস। কারণ মেসি তাদের জন্য এক আতঙ্কের নাম। গত ১৪টি লা লিগা ম্যাচে ১২ গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সর্বশেষ ন্যু ক্যাম্পে প্রতিপক্ষকে ৬-২ গোলে উড়িয়ে দিতে জোড়া গোল করেছিলেন। আর তাই তাকে থামাতে সব ধরনের কৌশল এটেছিলেন বেতিসের কোচ ভিক্টর সানচেজ দেল আমো। রবিবারের ম্যাচ শেষে বোঝাই গেল সফল হয়েছেন তিনি। মেসিকে কোনও গোল করতে দেয়নি তার শিষ্যরা। বরং মুহুর্মূহু আক্রমণে বার্সেলোনার দুর্বল রক্ষণভাগ কাঁপিয়ে দিয়েছে বেতিস। এমনকি ১৫ মিনিট বাকি থাকতে তারা এগিয়েও যায়। শেষ পর্যন্ত লুই সুয়ারেস গোল করে বাঁচান বার্সেলোনাকে।
অবশ্য ১-১ গোলের ড্র ম্যাচটি শেষ হয়েছে বিতর্কিতভাবে। বার্সেলোনার দুটি গোল বিতর্কিতভাবে বাতিল হয়েছে। ৭৭ মিনিটে আন্দ্রে গোমেসের শট গোলপোস্টের ভেতর থেকে বিপদমুক্ত করেন বেতিসের ডিফেন্ডার মান্দি। গোল না দেওয়ার তীব্র প্রতিবাদ করেন সুয়ারেস। রিপ্লেতে দেখা যায় বল গোলের সীমারেখা পার করেছে। তবে সিদ্ধান্ত পাল্টাননি রেফারি। এর পরের মিনিটেই পেজ্জেলার আত্মঘাতী গোলটি ঠিক গোললাইনের উপরে থাকতেই বাইরে পাঠান মান্দি। সেটাও বাতিল হয়ে যায়।
গোল দুটি হলে বার্সেলোনার জন্য ভালো একটি ফলই বয়ে আনত। তবে ৭৫ মিনিটে অ্যালেক্স অ্যালেগ্রিয়ার গোলে পিছিয়ে পড়ার পর একেবারে শেষ মিনিটে সুয়ারেসের গোল কিছুটা হলেও স্বস্তি দিয়েছে কাতালান জায়ান্টদের।
২০ ম্যাচ শেষে এ ড্রয়ে বার্সেলোনার অর্জন ৪২ পয়েন্ট। এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষ দল রিয়াল মাদ্রিদ স্বাগত জানাবে রিয়াল সোসিয়েদাদকে। অবশ্য জিনেদিন জিদানের দল বার্সার চেয়ে দুই ম্যাচ কম খেলেছে। সূত্র- ইএসপিএন, মার্কা, গোলডটকম
/এফএইচএম/








