ঘরের মাঠে আরেকবার পয়েন্ট হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে দারুণ লড়াইয়ে তাদের রুখে দিয়েছে হাল সিটি। তবে আরেক ম্যানচেস্টারের ক্লাব সিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট হ্যামকে।
হাল সিটির বিপক্ষে ভালো সময় কাটছে না ম্যানইউর। এফএ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে এ প্রতিপক্ষকে ২-০ গোলে হারানোর পর ফিরতি লেগে ২-১ গোলে হেরেছিল হোসে মরিনহোর শিষ্যরা। এবার প্রিমিয়ার লিগের লড়াইয়ে গোলশূন্য ড্রয়ে ম্যানইউকে রুখল হাল সিটি। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ম্যানইউ, সুযোগও তৈরি করেছিল। কিন্তু ৯০ মিনিট শেষেও কোনও গোলের দেখা পায়নি তারা।
এ ড্রয়ে মরিনহোর ইউনাইটেড লিগের শীর্ষ দল চেলসির চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনে তারা চার নম্বরে থাকা লিভারপুলের থেকে পিছিয়ে ৪ পয়েন্টে।
ইস্ট লন্ডনে এফএ কাপে ৫-০ গোলে জয়ের এক সপ্তাহ পর আরেকটি বড় জয় পেল ম্যানসিটি। এদিন গ্যাব্রিয়েল হেসুসের একাদশে অভিষেক হয়েছিল। আর তার বানিয়ে দেওয়া বলেই ১৭ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। চার মিনিট পরেই ডেভিড সিলভা ব্যবধান দ্বিগুণ করেন। ৩৯তম মিনিটে হেসুসের গোলে ৩-০ তে এগিয়ে বিরতিতে যায় ম্যানসিটি। ৬৬ মিনিটে ইয়াইয়া তোরে পেনাল্টি গোলে ওয়েস্ট হ্যামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
এ জয়ে ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট ম্যানসিটির। লিভারপুলের সমান পয়েন্টে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলার আশা জাগিয়ে রেখেছে তারা। সূত্র- ইএসপিএন
/এফএইচএম/








