বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিষেধাজ্ঞার খবর পান লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ওই ম্যাচ না খেললেও বার্সেলোনায় ফিরতে দেরি হয়েছে তার। একদিনের বাড়তি ছুটি কাটিয়ে শুক্রবার কাতালানদের অনুশীলনে নেমে পড়েছেন মেসি।
সময়টা এমন কাটবে ঘুণাক্ষরেও ভাবেননি আর্জেন্টাইন অধিনায়ক। দেশের জার্সিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে খুশি মনে বার্সেলোনায় ফিরবেন-এমন চিন্তা মাথায় নিয়েই কাতালান রাজধানী ছেড়েছিলেন মেসি। চিলির বিপক্ষে জয়সূচক গোল করে সেই পথেই এগোচ্ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু ওই ম্যাচে সহকারী রেফারিকে ‘গালি’ দেওয়ায় নিষিদ্ধ হয়ে যায় চার ম্যাচ। যার একটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের হারের ম্যাচ দিয়ে।
ফিফার দেওয়া শাস্তি মাথায় নিয়ে বার্সেলোনায় ফিরেছেন মেসি। শুক্রবার প্রথমবার অনুশীলনও করেছেন তিনি দলের সঙ্গে। গ্রানাদার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে চলা অনুশীলনে তার সঙ্গে যোগ দিয়েছেন নেইমার। ব্রাজিলকে ২০১৮ সালের বিশ্বকাপে তুলে কাতালান শহরটিতে এই ফরোয়ার্ড এসেছেন সতেজ হয়ে। আক্রমণভাগে তাদের সঙ্গী লুই সুয়ারেস অবশ্য আগের দিনই যোগ দিয়েছেন অনুশীলনে। এর মানে আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে শুক্রবার প্রথমবার একসঙ্গে অনুশীলন করলেন ‘এমএসএন’।
অনুশীলন করলেও রবিবারের ম্যাচটি অবশ্য খেলতে পারবেন না মেসি। কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞায় মাঠের বাইরে থাকতে হবে তাকে। মার্কা
/কেআর/








