আন্তর্জাতিক ব্যস্ততার পর আবারও মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লিগা। রবিবার রাতেই মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও আলাভেস। আর এই ম্যাচেই দক্ষিণ আমেরিকান তারকা হামেস রদ্রিগেজসহ অধিনায়ক সার্হিও রামোসকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ জিনেদিন জিদান।
এই ম্যাচে না থাকাদের তালিকায় রয়েছেন গোলরক্ষক কেইলর নাভাস ও সহ অধিনায়ক মার্সেলো। মূলত গত সপ্তাহের বিশ্বকাপ বাছাইয়ে নিজ নিজ দলের হয়ে মাঠে ছিলেন ওই তিন তারকা। তাই সান্তিয়াগো বার্নাব্যুতে ১৮ স্কোয়াডের দলে নেই এই তিনজন। আর শনিবারই রামোসের না থাকার বিষয়টি জানিয়েছিলেন কোচ জিদান।
কোচ জিদান অবশ্য এর ব্যাখ্যা দিয়েছে এভাবে, ‘এই মাসে আমাদের অনেকগুলো খেলা রয়েছে। তাই আমাদের মূল তারকাদের প্রয়োজন রয়েছে। আমরা সব দিক দিয়েই প্রস্তুত আছি।’
কোচ জিদানের কথার সত্যতাও রয়েছে। কারণ রবিবারের পরই ময়দানী লড়াইয়ে আটঘাট বেঁধেই নামতে হবে রিয়াল মাদ্রিদকে। এরপরেই তাদের লেগানেস, অ্যাটলেটিকো মাদ্রিদ ও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে হবে। এক কথায় সর্বশক্তি নিয়েই ময়দানী যুদ্ধে খেলতে হবে স্প্যানিশ জায়ান্টদের।
/এফআইআর/








