লা লিগার শীর্ষস্থান সুসংহত করতে আলাভেসকে স্বাগত জানায় রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতির পর ফিরে পারফরম্যান্সের ধার যে একটুও কমেনি সেটার প্রমাণ তারা দিল শেষ কয়েক মিনিটে। অতিথিদের আক্রমণকে পরাহত করে রবিবার ৩-০ গোলে জিতেছে রিয়াল।
দলের তারকা খেলোয়াড় হামেশ রদ্রিগেসকে দেওয়া হয়েছিল বিশ্রাম, নিষিদ্ধ ছিলেন কাসেমিরো। আন্তর্জাতিক বিরতির পর ছুটি মিলেছিল গোলরক্ষক কেইলর নাভাসের। রক্ষণভাগে ছিলেন না অধিনায়ক সের্হিয়ো রামোস ও মার্সেলো। যারা গোলমুখ সামলাতে দক্ষ তাদের ছাড়াই পয়েন্ট টেবিলের মাঝামাঝি থাকা দলটির বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল। আর তাই কয়েকবার প্রতিপক্ষের আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাদের। কিন্তু আলাভেসের ভাগ্য খারাপ হওয়ায় বেঁচে যায় রিয়াল।
বরং আক্রমণভাগের তিন তারকা করিম বেনজিমা, ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের নৈপুণ্যে সফল হয় স্বাগতিকরা। ২০১২ সালের চ্যাম্পিয়নরা এগিয়ে যায় বেনজিমার গোলে। ৩১ মিনিটে মৌসুমের নবম গোল করেন ফরাসি তারকা। এর পর ৮৩ ও ৮৫ মিনিটে ইসকো ও নাচোর গোলে জয় সুনিশ্চিত হয় রিয়ালের।
ঘড়ির কাঁটা আধঘণ্টা পেরোতে রিয়াল দেখা পায় প্রথম গোলের। ডানপ্রান্ত থেকে দানি কারভাহালের চতুর পাসে বল পেয়ে বাঁপায়ের নিচু শটে আলাভেস গোলরক্ষককে পরাস্ত করেন বেনজিমা। দ্বিতীয়ার্ধে ভালো কয়েকটি সুযোগ নষ্ট করেছিল আলাভেস। সমতা ফেরানোর জন্য মরিয়া ছিল তারা। বিশাল সুযোগ নষ্ট করেন এডগার। বাঁপ্রান্ত থেকে জোহাইরের ক্রসে ভলি করেছিলেন তিনি, কিন্তু কিছু বুঝে উঠার আগে লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর রোনালদোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে হতাশ হতে হয় রিয়ালকে। শেষ পর্যন্ত এ তারকা গোল না পেলেও ৭ মিনিট বাকি থাকতে তার নিখুঁত পাস থেকে ইসকো ২-০ করেন। দুই মিনিট পর বেলের ফ্রিকিক আলাভেসের ক্রসবারে লেগে ফিরে এলে নাচোর সফল হেড রিয়ালের জয়কে স্বাচ্ছন্দ্যের করে তোলে।
এ জয়ে দুই নম্বরে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখল রিয়াল। অবশ্য ব্যবধানটা আবারও দুইয়ে নামানোর সুযোগ পাবে বার্সেলোনা। কাতালান জায়ান্টরা রাতে নামবে গ্রানাদার মাঠে। ২৮ ম্যাচে রিয়ালের ৬৮ পয়েন্ট, আর বার্সার ৬৩।
/এফএইচএম/








