সের্হিয়ো রবার্তো বল জালে জড়াতেই মেসির উন্মাদ উদযাপন! গ্যালারির ভক্তদের সঙ্গে তার সেই উদযাপনের মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন সান্তিয়াগো গার্সেস। ‘ঐতিহাসিক’ ওই ছবিটি এবার মেসিকে উপহার দিলেন এই মেক্সিকান ফটোগ্রাফার।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ত জার্মেইয়ের। ফরাসি ক্লাবটির মাঠ থেকে ৪-০ গোলে হেরে আসায় ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে তাদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল একরকম। যদিও অসম্ভবকে সম্ভব করে বার্সেলোনা ম্যাচটা জিতে নেয় ৬-১ গোলে। ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে রবার্তোর লক্ষ্যভেদে নাটকীয়ভাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর মেসি জয় উদযাপন করেছিলেন গ্যালারির ভক্তদের সঙ্গে। মাঠের বিজ্ঞাপন বিলবোর্ডের উপর দাঁড়িয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের উন্মাদ উদযাপনের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছিলেন সেদিন গার্সেস। যে ছবি নিয়ে আলোচনার ঝড় উঠে গোটা ফুটবল বিশ্বে।
সমর্থকদের সঙ্গে উৎসবে মাতা সেই ছবিটি মেসিকে দিলেন মেক্সিকান ফটোগ্রাফার। বার্সেলোনার অনুশীলন গ্রাউন্ডে মেসির হাতে ফ্রেমেবন্দি ছবিটি তুলে দেন তিনি। একই সঙ্গে গার্সেস ও তার দুই সন্তান ক্যামেরার সামনে পোজ দেন পাঁচবারের ব্যালন ডি’অরের সঙ্গে। পিএসজি ম্যাচে যে মহাতারকার তোলা ছবিটি এই মেক্সিকানের কাছে ‘আমার জীবনের ছবি’। মার্কা
/কেআর/








