গ্রানাদার বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি। সেভিয়ার বিপক্ষে লা লিগায় বার্সেলোনার গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেই জাদু দেখালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। হোর্হে সাম্পাওলির শিষ্যদের ৩-০ গোলে হারাতে জোড়া গোল করেছেন তিনি। আরেক ম্যাচে লেহানেসের বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়ে শীর্ষস্থান অটুট রেখেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার ন্যু ক্যাম্পে শুরু হয়েছিল পয়েন্ট টেবিলের দুই ও চার নম্বর দলের লড়াই। যেখানে শুরু থেকে পিছিয়ে ছিল সেভিয়া। মাত্র তিন মিনিটে গোল খেতে বসেছিল তারা। ডিবক্সের বাইরে থেকে লিওনেল মেসির দুর্দান্ত একটি শট ক্রসবারে লেগে গোললাইন পার করতে পারেনি।
শুরুতে সেভিয়ার এলাকায় ত্রাস ছড়ানো বার্সেলোনা ২৫ মিনিটে গোল পেয়ে যায় মেসির বানিয়ে দেওয়া বলে লুই সুয়ারেস ওভারহেড গোল করলে। তিন মিনিট পর উরুগুয়ান স্ট্রাইকারের পেছনে ঠেলে দেওয়া পাসে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সেভিয়ার রক্ষণভাগ নড়বড়ে হওয়ায় ৩৩ মিনিটে আরেকটি গোল দেয় বার্সা, এবারও আর্জেন্টাইন তারকা। কর্নার থেকে গোলপোস্টের সামনে আসা বল সেভিয়ার ডিফেন্ডার বিপদমুক্ত করতে চাইলেও পারেননি, মেসি তার বাঁপায়ের শটে বল জালে জড়ান। এই ৮ মিনিটের ঝড় সেভিয়া দ্বিতীয়ার্ধে থামাতে পারলেও হার এড়াতে পারেনি। এনিয়ে ঘরের মাঠে লা লিগায় ৮ ম্যাচ জিতল বার্সেলোনা, যেটা ন্যু ক্যাম্পে লুই এনরিকের অধীনে সর্বোচ্চ জয়যাত্রা।
এ জয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে ঘণ্টাখানেকের জন্য শীর্ষে উঠেছিল বার্সেলোনা। পরের ম্যাচে রিয়াল জিতে আবারও সেই ব্যবধান দুই পয়েন্টে বাড়িয়ে নেয়। ২৯ ম্যাচে রিয়ালের অর্জন ৭১ পয়েন্ট।
প্রথমার্ধে আলভারো মোরাতার জোড়া গোল ও হামেস রদ্রিগেসের গোলে ২৩ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। কিন্তু স্বাগতিক লেহানেস দুই মিনিটের ব্যবধানে গ্যাব্রিয়েল ও লুসিয়ানোর গোলে ম্যাচে ফেরে। দুই গোলের ধাক্কা রিয়াল কাটিয়ে উঠে দ্বিতীয়ার্ধের শুরুতে। বাঁপ্রান্ত থেকে ফ্রিকিকে মোরাতা হেড করে হ্যাটট্রিক পূরণ করেন। সূত্র- ইএসপিএনএফসি
/এফএইচএম/








