চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়ে শেষ আটে উঠেছে বার্সেলোনা। জুভেন্টাসের মাঠে নামার আগে তাদের আত্মবিশ্বাসে ভরপুর থাকার কথা। কিন্তু লা লিগায় মালাগার কাছে হেরে যাওয়ায় বড় একটা ধাক্কা খেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবু মেসি-নেইমারদের নিয়ে ভীষণ সতর্ক জুভেন্টাস।
প্যারিস সেন্ত-জার্মেইর মাঠে প্রথম লেগে ৪-০ গোলে হারের পর ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগে ৬-১ গোলের ‘ঐতিহাসিক’ জয় পেয়েছিল বার্সা। এক কথায় অবিশ্বাস্য প্রত্যাবর্তন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে যাদের বিদায় দেখে ফেলেছিল অনেকে, তারাই মঙ্গলবার নামছে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। তবে মালাগার মাঠে ২-০ গোলে হারের তিনদিন পর জুভেন্টাসের মাঠে বার্সার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নিঃসন্দেহে।
জুভেন্টাসের গনসালো হিগুয়েইনের বিশ্বাস, এক মাস আগের ওই অবিশ্বাস্য জয় তুরিনে প্রথম লেগে এগিয়ে রাখবে বার্সাকে। মহাশক্তিধর প্রতিপক্ষ নিয়ে সতীর্থদের সতর্ক করে আর্জেন্টাইন তারকা স্ট্রাইকারের মন্তব্য, ‘ফুটবল এমনই, সময়ে সময়ে বদলে যায়। যারা ভেবেছিল যে দলটি ছিটকে যাবে, তারাই এখন কোয়ার্টার ফাইনালে। তারা পুরো আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।’
ইতালির গত পাঁচবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ঘরের মাঠে খেলবে বলে সুবিধাটা পুরোপুরি নিতে চান হিগুয়েইন, ‘প্রথম ম্যাচ ঘরের মাঠে হওয়ায় আমাদের জন্য সুবিধাই হয়েছে। আমরা ভালো ফল করতে চাই যেন বার্সেলোনার মাঠে আমাদের সামনে সুযোগ থাকে। আমরা এই লড়াইয়ের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে চাই না, এক সেকেন্ডের জন্যও না।’
দুই বছর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল জুভেন্টাস। এবার তারা শেষ আটে মুখোমুখি। হিগুয়েইনের বিশ্বাস, এবার আর তাদের হতাশ হতে হবে না, ‘আশা করি এবার আমরাই চ্যাম্পিয়নস লিগ জিতব। এজন্যই তো আমি এখানে এসেছি।’
হিগুয়েইনের মতো মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির কণ্ঠেও সতর্কতা। মালাগার কাছে বার্সার হারকে পাত্তাই দিচ্ছেন না জুভেন্টাসের কোচ। তিনি বলেছেন, ‘মালাগায় হার অপ্রাসঙ্গিক, কারণ বার্সেলোনা ইউরোপে বড় ম্যাচ খেলতে অভ্যস্ত। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা পারব।’ সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম
/এফএইচএম/এএআর/








