এখনকার ফুটবলে ব্যক্তিগত দ্বৈরথ বললেই সবার প্রথমে উচ্চারিত হবে লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর কথা। ফুটবল বিশ্ব শাসন করা এই দুই তারকার ধারে কাছেও রাখা হয় না কাউকে। ‘এল ক্লাসিকো’র উত্তেজনা যেন আরও বাড়িয়ে দেন তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ক্যাম্পে। গত কয়েক বছর ধরে স্পেনের অন্য একটি দ্বৈরথ ‘মাদ্রিদ ডার্বি’ও কিন্তু ব্যক্তিগত লড়াইয়ের মঞ্চ করে দেয় তৈরি। যে মঞ্চের লড়াইটা ‘৭’ নম্বরের। রিয়ালের ৭ নম্বর জার্সি পরা রোনালদোর বিপরীতে অ্যাতলেতিকোয় আলো ছড়ানো আন্তোয়ান গ্রিয়েজমানের জার্সি নম্বরটাও যে একই।
জার্সি নম্বরের জন্য নয়, মাদ্রিদ ডার্বিতে রোনালদো-গ্রিয়েজমানের দ্বৈরথটা ছড়ায় তাদের ব্যবধান গড়ে দেওয়ার অসম্ভব ক্ষমতার জন্য। ঠিক স্বভাবসুলভ স্ট্রাইকার না হলেও গোলের পর গোল করে প্রতিপক্ষকে পরান হারের মালা। উইং ধরে এগিয়ে চলা এবং প্রচন্ড গতি-দুজনেরই প্রধান অস্ত্র। নগরপ্রতিপক্ষ দুই দল মুখোমুখি দাঁড়িয়ে গেলে সমর্থকদের নজরে থাকেন তারাই। মঙ্গলবার দিবাগত রাতেও যেমন থাকবে। বাংলাদেশ সময় রাত ১২-৪৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে যে আবারও মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে মাদ্রিদের দুই ক্লাব। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল-অ্যাতলেতিকোর সেই মহারণের আবহে বাজছে তাদের ব্যক্তিগত দ্বৈরথের সুরও।
বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ওই দ্বৈরথে রোনালদো করেছেন ৫ গোল। আলিয়েঞ্জ অ্যারেনার প্রথম লেগে জোড়া লক্ষ্যভেদের পর সান্তিয়াগো বার্নাব্যুতে করেন হ্যাটট্রিক। দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল উইঙ্গার লা লিগার সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে একবার লক্ষ্যভেদ করে সেরে নিয়েছেন প্রস্তুতি। গ্রিয়েজমান অবশ্য লিগের শেষ ম্যাচে গোল পাননি। লা পালমাসের বিপক্ষে অ্যাতলেতিকো ৫-০ গোলে জিতলেও তিনি ছিলেন গোলশূন্য। কে জানে, আসল মঞ্চে জ্বলে ওঠার জন্যই হয়তো তার অপেক্ষা!
মাদ্রিদ ডার্বিতে অবশ্য খুব একটা ভালো সময় যায়নি রোনালদোর সাম্প্রতিক সময়ে। ছয় ডার্বি শেষে ভিসেন্তে কালদেরনের সবশেষ ম্যাচে হ্যাটট্রিক দিয়ে নিজের ছন্দে ফিরেছিলেন পর্তুগিজ অধিনায়ক। যাতে রোজিব্ল্যাঙ্কোদের বিপক্ষে ২৭ ম্যাচে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৮-তে। মাদ্রিদের দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়ের শেষ ম্যাচ, মানে সান্তিয়াগো বার্নাব্যুতে মাস খানেক আগের দ্বৈরথে কিন্তু গোল পাননি রোনালদো।
ওই ম্যাচে অবশ্য গোল করে অ্যাতলেতিকোকে সমতায় ফিরিয়েছিলেন গ্রিয়েজমান। পেপের একমাত্র গোলে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল স্বাগতিকরা, হারতে যাওয়ার সেই ম্যাচে দারুণ এক গোলে সমতা ফেরান ফরাসি ফরোয়ার্ড। মাদ্রিদ ডার্বি মানেই যেন গ্রিয়েজমানের গোল। সান্তিয়াগো বার্নাব্যুর সবশেষ চার সফরের সবক’টিতে গোল পেয়েছেন গ্রিয়েজমান।
অ্যাতলেতিকো মাদ্রিদ সমর্থকরা নিশ্চিতভাবে এই ডার্বিতেও তাকিয়ে থাকবেন তার দিকে। রোনালদোর কাছে ঠিক তেমনটাই প্রত্যাশা থাকবে রিয়াল ভক্তদের। মার্কা
/কেআর/








