চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। আর একাই হ্যাটট্রিক করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। যদিও তার আলো ছড়ানো পারফরম্যান্সের পরেও উচ্ছ্বাস দেখাচ্ছেন না রিয়াল কোচ। তার ভাষায়, ‘আাজকে পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট হতেই পারি তবে এতেই সবকিছু শেষ হয়ে যায়নি। কারণ আমরা এখনও কিছু জিতে যাইনি।’
প্রথম লেগে এগিয়ে থেকেই দ্বিতীয় লেগে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর দ্বিতীয় লেগটা যে সহজ হচ্ছে না সেটা জানা আছে জিদানের, ‘আমরা ভালো করেই জানি দ্বিতীয় লেগ আসছে। সেখানে ভালো যুদ্ধই করতে হবে আমাদের। আমাদের ভুগতে হবে এটাই মাথায় রাখতে হবে।’
এমন জয়ের পর অনেকেই বলেছেন জিদানের অধীনে এটাই সেরা নৈপুণ্য। কিন্তু জিদানের কাছে এটা সেরা না হলেও ছিল দুর্দান্ত, ‘আমি জানি না আমার অধীনে এটাই সেরা কিনা। তবে আমার কাছে এটা দুর্দান্ত ম্যাচ। কারণ এমন দলের বিপক্ষে তিনটি গোল করা কোনও সহজ কাজ নয়।’
ম্যাচ জেতাতে হ্যাটট্রিক করেছেন রোনালদো। একের পর এক রোনালদো শো দেখিয়ে যাচ্ছেন পর্তুগিজ তারকা। উত্তেজনাকর মাদ্রিদ ডার্বির সব আলো কেড়ে নিয়ে রোনালদো আবার প্রমাণ করলেন, কেন তিনি বিশ্বসেরা। কিন্তু কোচ জিদান শুধু রোনালদোর পারফরম্যান্সকেই নজরে রাখতে চান না ‘রোনালদো সব সময়ই তার গোলের ভাণ্ডার থেকে গোল করে। তবে ইসকোও দুর্দান্ত খেলেছে, মার্কো ও লুকাস থাকায় আক্রমণ ও রক্ষণে ভালো ভারসাম্য ছিল।’
/এফআইআর/








