অনলাইনে নতুন এক উচ্চতায় নিজেকে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। শুধু ফুটবল মাঠের প্রতিদ্বন্দ্বীদের নয়, পুরো ক্রীড়াবিশ্বকে তাক লাগিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের তারকা। গত মঙ্গলবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিকের দুইদিন পর ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে ইতিহাস তৈরি করলেন তিনি।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার হয়েছে ১০ কোটি, সামাজিক মিডিয়ার এ মঞ্চে যেটা রেকর্ড। প্রথম ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটির মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ উইঙ্গার। তার বর্তমান সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ফলোয়ার যেখানে ৭ কোটি ৮০ লাখ।
শুধু তাই নয়, প্রথম পুরুষ হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ারের মাইলফলকে রোনালদো। পপ তারকা সেলেনা গোমেজ, আরিয়ানা গ্রান্দে, টেইলর সুইফট ও বেয়োন্সের পর যেখানে তার অবস্থান।
ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার পাওয়া খেলোয়াড়দের তালিকায় ফুটবলারদের দাপটই বেশি। রোনালদোর পর আছেন নেইমার ও মেসি।
রোনালদো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রায় সময় সক্রিয় থাকেন। ফেসবুক-টুইটার ছাড়াও ইনস্টাগ্রামে খেলা থেকে শুরু করে মাঠের বাইরের কর্মকাণ্ডের ছবিও দেন পর্তুগিজ এ সুপারস্টার। প্রত্যেকবারই তার পোস্ট করা ছবিতে মুগ্ধ হন কোটি কোটি ভক্তরা। সূত্র- গোলডটকম, ইএসপিএনএফসি
/এফএইচএম/








