যে ক্লাবে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কি নামবেন ক্রিস্তিয়ানো রোনালদো? এনিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তবে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানালেন, উয়েফা সুপার কাপে ফিট পর্তুগিজ ফরোয়ার্ড।
পর্তুগালের সঙ্গে কনফেডারেশনস কাপের পর লম্বা ছুটিতে ছিলেন রোনালদো। দুইদিন আগে স্পেনে ফিরেছেন। এক মাস পর দলে ফিরেও আগের মতো ফিট তিনি। মেসিডোনিয়ায় দলের সঙ্গী হয়েছেন। রিয়াল কোচ জানালেন, স্কোপজেতে দ্বিতীয় ফিলিপ এরেনায় সাবেক ক্লাবের বিপক্ষে একাদশে থাকতে পারেন তিনি।
ছুটিতে থেকেও রোনালদোর ফিটনেসে অভিভূত জিদান, ‘রোনালদো ফুরফুরে মেজাজে আছে। আমাকে একটা ব্যাপার মুগ্ধ করেছে, দুই মাস আগের মতো ফিট আছে সে। এটাই সবচেয়ে খুশির খবর।’
দলে রোনালদোর গুরুত্ব বোঝাতে গিয়ে ফরাসি কোচ বলেছেন, ‘আমাদের সঙ্গে সে থাকা মানে অনেক কিছু। সে খেলার জন্য প্রস্তুত বলেই আমাদের সঙ্গে এখানে এসেছে। সে খেলবে কি খেলবে না দেখা যাক। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সে আমাদের সঙ্গে আছে।’
যুক্তরাষ্ট্র সফরে প্রথম তিন ম্যাচের সবগুলো হেরেছিল রিয়াল। প্রাক মৌসুমে এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসে চিঁড় ধরার কথা। তবে হোসে মরিনহোর ইউনাইটেডকে মোকাবিলার আগে নতুন প্রত্যয় জিদানের। সর্বশেষ ম্যাচে শিকাগোয় এমএলএস অল-স্টার্সকে হারানোর স্মৃতি কাজে লাগাতে চান তিনি, ‘দলের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে। আমরা নতুন মৌসুম শুরুর অপেক্ষায় আছি। এটা প্রথম আনুষ্ঠানিক ম্যাচ।’ রিয়ালের প্রস্তুতি নিয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি অধিনায়ক বলেছেন, ‘আমরা পরিশ্রম করেছি, বিশ্রামও নিয়েছি বেশ। এখন সবকিছু শুরুর পালা। আমরা প্রতিপক্ষকে নিয়ে অনেক জানি। এখন কী করতে যাচ্ছি সেটাই আমাদের চিন্তা।’
রিয়াল কতটা সফল হবে জানা যাবে আজ রাত পৌনে ১টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। ইএসপিএনএফসি
/এফএইচএম/








