ফারো আইল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক গড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আন্তর্জাতিক গোলে তিনি টপকে যান ব্রাজিলিয়ান লিজেন্ড পেলেকে। এমন কীর্তি গড়ার পর তিনবারের বিশ্বকাপ জয়ীর কাছে অভিনন্দন পেলেন পর্তুগালের ফরোয়ার্ড।
বৃহস্পতিবারের তিন গোলে জাতীয় দলে রোনালদোর গোল সংখ্যা এখন ৭৮। এখন কেবল তিনি আলী দাইয়ি (১০৯), ফেরেঙ্ক পুসকাস (৮৪), কুনিশিগে কামামোতো (৮০) ও গডফ্রে চিতালুর (৭৯) পরে আছেন তিনি। চারবারের ব্যালন ডি’অর জয়ী সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে। সেরা পাঁচের বাইরে যাওয়ার পর পেলে টুইটারে অভিনন্দন জানান, ‘ফিফা আন্তর্জাতিক গোলদাতার তালিকায় সেরা পাঁচে যোগ দেওয়ায় ক্রিস্তিয়ানো রোনালদোকে অভিনন্দন।’
দাইয়িকে টপকে যাওয়া কাজটা হয়তো কঠিন হবে রোনালদোর জন্য। তবে হাঙ্গেরি ও রিয়াল লিজেন্ড পুসকাসকে পেছনে ফেলার স্বপ্ন দেখতেই পারেন ৩২ বছর বয়সী। পর্তুগালের জার্সি ১৪৪ বার পরা রোনালদো আগামী রোববার হাঙ্গেরি সফরেই সেই স্বপ্ন পূরণের পথে একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।








