আর্সেনালে কোচ হিসেবে ২১টি বছর কেটে গেলো আর্সেন ওয়েঙ্গারের। বর্ষপূর্তির এই দিনে শিষ্যদের কাছে জয় উপহার পেলেন তিনি। রবিবার এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটন এন্ড হোভ আলবিওনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে গানাররা।
১৯৯৬ সালের ১ অক্টোবর আর্সেনালের দায়িত্ব নিয়েছিলেন ওয়েঙ্গার। ২০১৭ সালে এসেও একই দলের কোচ তিনি। জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ এবং ৭টি করে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড শিরোপা।
এমিরেটস স্টেডিয়ামে ফরাসি কোচের ২১ বছর হওয়ার দিনে চতুর্থ জয়ে আর্সেনাল উঠে এসেছে ৫ নম্বরে। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তারা স্পর্শ করেছে চেলসিকে। চ্যাম্পিয়নদের সমান ১৩ পয়েন্ট গানারদের। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে ৬ পয়েন্টে।
লিভারপুলের মাঠে গত আগস্টে ৪-০ গোলে হারের পর সব ধরনের প্রতিযোগিতায় টানা সপ্তম ম্যাচে অজেয় থাকলো আর্সেনাল। জিতেছে ৬ ম্যাচ ও একটি ড্র। রবিবার লিগে তাদের চতুর্থ জয়ে এগিয়ে দেন নাচো মনরিয়েল। শেষ গোলটি করেন অ্যালেক্স আইওবি। ইএসপিএনএফসি








