প্রিমিয়ার লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মঙ্গলবার ফেভারিট ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। কিন্তু পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলের বিপক্ষেও জয়খরা কাটাতে পারলো না তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন প্রথম ম্যাচে ভালো কয়েকটি সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি মুক্তিযোদ্ধা। ফরাশগঞ্জও পারেনি গোলমুখ খুলতে। দুই দলের ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র।
পুরো ম্যাচে দাপট দেখিয়েছে মুক্তিযোদ্ধা। প্রথমার্ধ দুই দল সমানতালে লড়লেও বিরতির পর বেশ কয়েকটি সুযোগ পায় তারা। কিন্তু ফরোয়ার্ডরা হতাশ করেছে। মূলত ফরাশগঞ্জের গোলরক্ষক বোরহান উদ্দিন বড় বাধা হয়ে দাঁড়ান তাদের সামনে। ৫৭ মিনিটে আব্বাস ইনুসাকে রুখে দেন তিনি, জাকি সারহানকেও প্রতিহত করেন ৬৫ মিনিটে।
শেষ ১৫ মিনিটে দুইবার অল্পের জন্য গোলবঞ্চিত হয় মুক্তিযোদ্ধা। সৈকত মুন্না ৭৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন। মতিউর রহমানের হেড অল্পের জন্য জালে জড়ায়নি ৮৩ মিনিটে।
বারবার ভাগ্যের জোরে বেঁচে যাওয়া ফরাশগঞ্জ শেষ মুহূর্তে এসে সুযোগ পায় গোল করার। কিন্তু ডিবক্সের মধ্যে থেকে চিনেডু ম্যাথুর শট পোস্টে লেগে বেরিয়ে যায়।
মুক্তিযোদ্ধা ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে। ১২ দলের এ লিগে ৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ফরাশগঞ্জ।








