জিতলেই বিশ্বকাপের মূল পর্ব- এমন সমীকরণ সামনে রেখে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। লিসবনে সেই সমীকরণ সহজে মিলিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দেশ। রিয়াল মাদ্রিদ তারকা গোল না পেলেও জয় পেতে কোনও অসুবিধা হয়নি স্বাগতিকদের। আত্মঘাতী গোলের সঙ্গে আন্দ্রে সিলভার লক্ষ্যভেদে ২-০ গোলের জয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইউরোপ চ্যাম্পিয়নরা।
এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বে উঠেছে পতুর্গাল। বিপরীতে তাদের সমান ২৭ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকা সুইজারল্যান্ডকে এখন খেলতে হবে প্লে অফ। দুই লেগের ওই ম্যাচের ওপর নির্ভর করছে তাদের রাশিয়া বিশ্বকাপ।
৪১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পর্তুগাল। এলিসেউয়ের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ইয়োহান জোউরু। ওই গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে স্বাগতিকরা আরও আক্রমণাত্মক হয়ে। গোলের দেখা পেতেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ, ৫৭ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে সিলভা। বের্নার্দোর চমৎকার পাস বক্সের ভেতর থেকে পায়ের আলতো ছোঁয়ায় জালে জড়াতে কোনও সমস্যাই হয়নি বাছাই পর্বে নবম গোল পাওয়া এই পর্তুগিজের। ওই গোলেই জয়ের সঙ্গে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যায় পতুর্গালের।
তাই রোনালদো গোল না পেলেও কোনও অসুবিধা হয়নি ইউরোপ চ্যাম্পিয়নদের। অবশ্য গোল পেতেও পারতেন রিয়াল মাদ্রিদ তারকা। ৮১ মিনিটে যে সুযোগ নষ্ট করেছেন, তার জন্য আক্ষেপে পুড়তেই পারেন তিনি। গোলরক্ষককে একা পেয়েও যে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। অবশ্য এমন এক জয়ের পর সব আক্ষেপই দূর হয়ে যাওয়ার কথা। যে জয়টা তাকে ও তার দেশকে তুলে দিয়েছে বিশ্বকাপে।








