সবার আগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। এরপর বাছাই পর্বের শেষ ম্যাচে এসে জানা গেল বাকি দলগুলোর নাম। সেলেসাওদের সঙ্গে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর পঞ্চম দল হিসেবে পেরুর আশা টিকে আছে প্লে অফ ভাগ্যের ওপর।
ব্রাজিল:
এ বছরের ২৮ মার্চ প্রথম দল হিসেবে লাতিন আমেরিকা থেকে রাশিয়ার টিকিট নিশ্চিত করে ব্রাজিল। আরও স্পষ্ট করে বললে স্বাগতিক রাশিয়ার পর প্রথম দল হিসেবে সেলেসাও নিশ্চিত করে বিশ্বকাপ। তাই বিশ্বকাপ নিয়ে তাদের চিন্তা মোটেও ছিল না শেষ ম্যাচে, যেখানে তারা মুখোমুখি হয়েছিল চিলির। উল্টো ৩-০ গোলে জিতে বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়েছে তারা কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের। শীর্ষে থেকে বাছাই পর্ব শেষ করা ব্রাজিলের ১৮ ম্যাচে পয়েন্ট ৪১।
উরুগুয়ে:
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বাছাই পর্বের মিশন শেষ করেছে উরুগুয়ে। যাতে সরাসরি পেয়েছে বিশ্বকাপের টিকিট। শেষ ম্যাচে নামার আগে তাদের নিশ্চিত ছিল প্লে অফ। তবে বলিভিয়াকে ৪-২ গোলে হারিয়ে সরাসরিই পেয়েছে মূল আসরের টিকিট। ১৮ ম্যাচ শেষে উরুগুয়ের পয়েন্ট ৩১।
আর্জেন্টিনা:
কঠিন সমীকরণ সামনে রেখে ইকুয়েডরের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তা থাকবেই বা না কেন! শেষ ম্যাচের আগে পয়েন্ট টেবিলে তারা ছিল ষষ্ঠ স্থানে, সেই তারাই বাছাই পর্ব মিশন শেষ করলো তিন নম্বরে থেকে। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে আলবিসেলেস্তেরা ৩-০ গোলে হারায় ইকুয়েডরকে। একই সঙ্গে অন্য দলগুলোর ফলও আসে তাদের পক্ষে। যাতে ১৮ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কলম্বিয়া:
ব্রাজিলের প্রতি কৃতজ্ঞতা জানাতেই পারে কলম্বিয়া। চিলিকে সেলেসাওরা হারিয়ে দেওয়ায় পেরুর সঙ্গে ১-১ গোলে ড্র করেও সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে হোসে পেকারম্যানের দল। পেরুর সঙ্গে ড্র করায় চিলি যদি ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিও করতো, তাতেও সরাসরি বিশ্বকাপে সুযোগ পেতো না কলম্বিয়া। ১৮ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে তাই রাশিয়ার টিকিট পেয়েছে তারা।
পেরু: (প্লে অফ)
কলম্বিয়ার চেয়েও ব্রাজিলের প্রতি বেশি কৃতজ্ঞ থাকবে পেরু। চিলিকে যে তাদের ‘কাঙ্খিত’ ব্যবধানেই হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ রাউন্ডের ম্যাচ শেষে পেরু ও চিলির সমান ২৬ পয়েন্ট। কিন্তু ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে চিলি (-১) হেরে যাওয়ায় গোল ব্যবধানে এগিয়ে থেকে পঞ্চম স্থান পায় পেরু (+১)। তাই ঘরের মাঠে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেও বেঁচে আছে পেরুর বিশ্বকাপ আশা। প্লে অফে নিউজিল্যান্ড বাধা পেরোতে পারলেই রাশিয়া বিশ্বকাপ।
লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিল:
স্থান | দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল পক্ষে | গোল বিপক্ষে | গোল ব্যবধান | পয়েন্ট |
১. | ব্রাজিল | ১৮ | ১২ | ৫ | ১ | ৪১ | ১১ | +৩০ | ৪১ |
২. | উরুগুয়ে | ১৮ | ৯ | ৪ | ৫ | ৩২ | ২০ | +১২ | ৩১ |
৩. | আর্জেন্টিনা | ১৮ | ৭ | ৭ | ৪ | ১৯ | ১৬ | +৩ | ২৮ |
৪. | কলম্বিয়া | ১৮ | ৭ | ৬ | ৫ | ২১ | ১৯ | +২ | ২৭ |
৫. | পেরু | ১৮ | ৭ | ৫ | ৬ | ২৭ | ২৬ | +১ | ২৬ |
৬. | চিলি | ১৮ | ৮ | ২ | ৮ | ২৬ | ২৭ | -১ | ২৬ |
৭. | প্যারাগুয়ে | ১৮ | ৭ | ৩ | ৮ | ১৯ | ২৫ | -৬ | ২৪ |
৮. | ইকুয়েডর | ১৬ | ৬ | ২ | ১০ | ২৬ | ২৯ | -৩ | ২০ |
৯. | বলিভিয়া | ১৮ | ৪ | ২ | ১২ | ১৬ | ৩৮ | -২২ | ১৪ |
১০. | ভেনিজুয়েলা | ১৮ | ২ | ৬ | ১০ | ১৯ | ৩৫ | -১৬ | ১২ |








