১৯৫৪ সাল থেকে টানা ৯ আসরে বিশ্বকাপের মঞ্চে ওঠা হয়নি যুক্তরাষ্ট্রের। ৩৬ বছর পর ১৯৯০ সালে তারা কাটায় সেই খরা। আনন্দে-উল্লাসে মেতে ওঠে আমেরিকানরা। প্রথম বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা এরপর থেকে হয়নি পথচ্যুত। টানা ৭টি বিশ্বকাপ খেলেছে তারা, যেখানে সেরা সাফল্য ছিল ২০০২ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। এত বছর পর ফিরে এলো হতাশার ক্ষণ। ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে উড়বে না যুক্তরাষ্ট্রের পতাকা। বুধবার বাছাইয়ের শেষ ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোর কাছে ২-১ গোলে হেরে বাদ পড়েছে তারা।
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে উত্তর আমেরিকা থেকে মেক্সিকো ও কোস্টারিকার সঙ্গে প্রথমবার বিশ্বকাপের টিকিট পেয়েছে পানামা। দেশের ৮১ বছরের ফুটবল ইতিহাসে এবারই প্রথম বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে মধ্য আমেরিকার দেশটি। এছাড়া চতুর্থ দল হিসেবে আন্তঃফেডারেশন প্লেঅফ খেলবে হন্ডুরাস। আগামী ৬ ও ১৪ নভেম্বর দুই লেগের প্লেঅফে অস্ট্রেলিয়াকে খেলবে দলটি।
বিশ্বকাপে খেলতে না পারার দায় নিজের কাঁধে নিলেন যুক্তরাষ্ট্রের কোচ ব্রুস এরেনা, ‘আমরা ব্যর্থ হলাম। কোনও অজুহাত নেই। আমাদের উচিত ছিল অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া।’ মাত্র ১৭ মিনিটে ত্রিনিদাদকে গোল উপহার দেয় যুক্তরাষ্ট্র। ওমর গঞ্জালেজের আত্মঘাতী শট টিম হাওয়ার্ডকে ফাঁকি দিয়ে আমেরিকানদের জালে জড়ায়। বিরতিতে যাওয়ার ৯ মিনিট আগে ২-০ করেন আলভিন জোন্স। ত্রিনিদাদের মাঠে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র। ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে ব্যবধান কমায় তারা। শেষ মুহূর্ত পর্যন্ত আরেকটি গোলের জন্য উন্মুখ হয়ে ছিল অতিথিরা। কিন্তু পায়নি। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে ছিটকে যায় যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে খেলতে নামা পানামা ও হন্ডুরাস চমকে দেয়। পানামা সিটিকে জোহান ভেনেগেসের গোলে এগিয়ে যায় তিন দিন আগে বিশ্বকাপ নিশ্চিত করা কোস্টারিকা। তবে দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল তোরেস ও রোমান তোরেসের গোলে ইতিহাস গড়ে পানামা। ২-১ গোলে জিতে প্রথমবার ফুটবলের মহাযজ্ঞে অংশগ্রহণ নিশ্চিত করে তারা। ১০ ম্যাচে তৃতীয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপের টিকিট পায় পানামা। প্রথম বিশ্বকাপ খেলার আনন্দে বুধবার দেশটিতে জাতীয় ছুটির ঘোষণা করেছে পানামা সরকার।
আরেক ম্যাচে পাঁচ গোলের রোমাঞ্চে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে হন্ডুরাস। পানামার সমান ১৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারা চার নম্বরে।








