বিশ্বকাপের টিকিট কাটার পর আয়োজক রাশিয়ার বিপক্ষে ১০ নভেম্বর প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চারদিন পর খেলবে আরেকটি প্রীতি ম্যাচ, যার প্রতিপক্ষ এখনও হয়নি চূড়ান্ত। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে ফিরেছেন সের্হিয়ো আগুয়েরো। তবে উপেক্ষিতই থাকলেন গনসালো হিগুয়েইন।
নেদারল্যান্ডসে একটি কনসার্ট শেষে বিমানবন্দরে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় পাজরে আঘাত পেয়েছিলেন আগুয়েরো। তাই অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে দলে ছিলেন না ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। জাতীয় দলের পরের দুই ম্যাচের আগে তাকে ফিট পাওয়ার প্রত্যাশা কোচ হোর্হে সাম্পাওলির।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ের শেষ চার ম্যাচের দল থেকে বাদ পড়া হিগুয়েইনের জায়গা এবারও হয়নি। নাপোলির তারকাকে উপেক্ষিত রাখা নিয়ে আর্জেন্টিনা কোচের বক্তব্য, ‘হিগুয়েইনকে আমরা চিন্তাভাবনায় রেখেছি। এখন তাকে খেলানোর দরকার নেই। আমরা নির্ধারণ করব সে বিশ্বকাপ দলে জায়গা পাবে কি পাবে না।’
১৪ নভেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ শিগগির জানানো হবে বলেছেন সাম্পাওলি, ‘খেলাগুলো এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। রাশিয়ার বিপক্ষে খেলব এবং পরের ম্যাচের প্রতিপক্ষ তাড়াতাড়ি জানা যাবে।’
আর্জেন্টিনা দল-
গোলরক্ষক: সের্হিয়ো রোমেরো, নাহুয়েল গুজমান, অগাস্তিন মারচেসিন।
ডিফেন্ডার: গাব্রিয়েল মেরকাদো, ফেদেরিকো ফাজিও, হাভিয়ের মাসচেরানো, জারমান পেজ্জেয়া, নিকোলাস ওতামেন্দি।
মিডফিল্ডার: এদুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, লুকাস বিগলিয়া, লিয়ান্দ্রো পারেদেস, মাতিয়াস ক্রানেভিত্তের, এভার বানেগা, মার্কোস অকুনা, আলেহান্দ্রো গোমেস, দিয়েগো পেরোত্তি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাউলো দিবালা, সের্হিয়ো আগুয়েরো, আনহেল দি মারিয়া, মাউরো ইকার্দি। গোল ডটকম







