প্যারিস সেন্ত জার্মেইতে আবারও বিতর্কের কারণে শিরোনাম হলেন নেইমার। ফরাসি মিডিয়ার খবর, এবার কোচের সঙ্গে ঝামেলা করেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
কয়েক সপ্তাহ আগে এদিনসন কাভানি ও নেইমারের ঝামেলা নিয়ে সরব ছিল ফ্রান্সের সংবাদমাধ্যম। এনিয়ে আক্রমণভাগের দুই তারকার মধ্যে মিটমাটও হয়ে গেছে। অবশ্য তাদের বক্তব্যে এখনও মাঝেমধ্যে প্রমাণ পাওয়া যাচ্ছে, ওই ঘটনার রেশ কাটেনি। এরই মধ্যে নতুন করে কোচ উনাই এমেরি ও নেইমার দ্বন্দ্বের খবর জানালো ফ্রান্সের ক্রীড়া দৈনিক এল’ইকুইপ।
তাদের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রেনিং সেশন চলার সময় এমেরির সঙ্গে রাগারাগি করেছেন নেইমার।
অনুশীলনের সময় এমেরি দলকে দুইভাগে ভাগ করেছিলেন। এক গ্রুপে ছিলেন গত বুধবার অ্যান্ডারলেখটের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলা খেলোয়াড়রা। আর যারা খেলেননি তাদের নিয়ে কোচ তৈরি করেন অন্য গ্রুপ।
প্রথম গ্রুপে ছিলেন নেইমার। মার্সেইর বিপক্ষে রবিবারের লিগ ওয়ান ম্যাচ সামনে রেখে তাকে দ্রুত ট্রেনিং শেষ করতে বলেছিলেন কোচ। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আরও কিছুক্ষণ থাকতে চেয়েছিলেন মাঠে। তাই এমেরির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড তার ক্ষোভ প্রকাশ করেন সামনের দেয়াল বরাবর বলে লাথি দিয়ে। এসময় তার সামনেই ছিলেন কোচ।
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘প্রথমে আমরা বিস্মিত হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সে মজা করছে।’ তার ভুল ভেঙেছে কিছুক্ষণ পরেই, যখন নেইমার কাউকে তোয়াক্কা না করেই ফিরে গেছেন ড্রেসিংরুমে। মার্কা, ইএসপিএনএফসি








