মাত্রই চেনা রূপে ফিরতে শুরু করেছিলেন থোমাস ম্যুলার। যদিও নিজেকে ফিরে পাওয়ার সময়টা দীর্ঘ করতে পারলেন না তিনি। চোট পেয়ে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার। জার্মান ক্লাবটি নিশ্চিত করেছে, হামবুর্গের বিপক্ষে ঊরুতে পাওয়া চোটে ম্যুলারকে মাঠের বাইরে কাটাতে হবে তিন সপ্তাহ।
কার্লো অ্যানচেলত্তির সময়টায় বেঞ্চেই বেশিরভাগ সময় কাটাতে হয়েছে ম্যুলারকে। নতুন কোচ ইয়ুপ হেইঙ্কেসের অধীনে অবশ্য ফর্ম ফিরে পেয়েছেন তিনি। শনিবার হামবুর্গের বিপক্ষে বায়ার্নের পাওয়া ১-০ গোলের জয়ের পথে কোরেন্টিন টোলিসোর লক্ষ্যভেদটা এসেছিল তার পাস থেকে। ৫২ মিনিটের ওই গোলের খানিক সময় পর মাঠের বাইরে চলে যেতে হয় তাকে ঊরুর চোটে। সোমবার বায়ার্ন এক বিবৃতিতে জানিয়েছে, ‘জার্মানি জাতীয় দলের খেলোয়াড় (ম্যুলার) তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।’
তার মানে ম্যুলার খেলতে পারবেন না জার্মান কাপে লেইপজিগের বিপক্ষে। একই দলের বিপক্ষে সপ্তাহান্তের লিগ ম্যাচও মিস করবেন জার্মান তারকা। ৩১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে মাঠের বাইরে কাটাতে হবে তাকে। এমনকি চোট তাকে খেলতে দেবে না বুন্দেসলিগায় শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও।
বুন্দেসলিগায় এই মুহূর্তে ৯ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়েও ডর্টমুন্ড শীর্ষে বসেছে গোল ব্যবধানে এগিয়ে থাকায়। রয়টার্স








