কাতালোনিয়া স্বাধীনতার প্রশ্নে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল জিরোনাতে। সব ধরনের শঙ্কা উপেক্ষা করে সেখানে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। নিরাপত্তার চাদরে ঢেকে একদিনের প্রস্তুতি নিয়ে কাতালান দলটির মুখোমুখি হয় তারা। কিন্তু শহরটির জনগণের কাছে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হলেও নবাগত দলটির কাছে হেরে গেলো স্পেনের বর্তমান চ্যাম্পিয়নরা। স্তেদিও মন্তিলিভিতে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে রিয়ালকে হারালো জিরোনা।
রবিবার লা লিগায় এই হারে রিয়ালের শিরোপা ধরে রাখার স্বপ্ন কিছুটা ধাক্কা খেলো। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়ালো ৮ এ। ১০ ম্যাচে রিয়ালের অর্জন ২০ পয়েন্ট, তিন নম্বরে তারা। আর অজেয় বার্সেলোনা ২৮ পয়েন্টে এক নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভ্যালেন্সিয়া। রিয়ালের সমান পয়েন্ট নিয়েও গোলব্যবধানে পিছিয়ে থেকে চার নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদ।
প্রথমার্ধ এগিয়ে যায় রিয়াল। ১২ মিনিটে ইসকোর গোলে স্বস্তিতে প্রথমার্ধ শেষ করে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ করে জিরোনার দর্শকদের উল্লাসে মাতান ক্রিস্টিয়ান স্টুয়ানি। ৫৪ মিনিটে স্বাগতিকরা ফেরায় সমতা। রিয়াল আরও নিস্তব্ধ হয়ে যায় চার মিনিট পর। ৮৭ বছরের ক্লাব ইতিহাসে বিশাল অর্জনের পথে একধাপ এগিয়ে যায় জিরোনা। ৫৮ মিনিটে পোর্তুর ওই গোলে রচনা হয় তাদের ঐতিহাসিক জয়।
লা লিগার এই মৌসুমে রিয়ালের এটি দ্বিতীয় হার। গত মাসে রিয়াল বেতিসের বিপক্ষে নিজ মাঠে ১-০ গোলে হেরেছিল জিনেদিন জিদানের দল।








