সব ধরনের প্রতিযোগিতায় টানা চার ম্যাচ জয়ের পর প্রথমবার পয়েন্ট হারালো আর্সেনাল। রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে তারা। অবশ্য ইউরোপা লিগের গ্রুপ পর্ব ঠিক উতরে গেছে গানাররা। ইংল্যান্ডের প্রথম ক্লাব হয়ে বৃহস্পতিবার শেষ ৩২ নিশ্চিত করেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
ইউরোপা লিগে টানা তিন ম্যাচ জয়ের পর ড্র করলো আর্সেনাল। ৪ ম্যাচে ১০ পয়েন্ট দুই ম্যাচ হাতে রেখে তাদের পৌঁছে দিয়েছে নকআউট পর্বে। অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো গানাররা। ১১ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু অলিভিয়ের জিরোদের স্ট্রাইক রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক মিলান বোরজান। স্বাগতিক গোলরক্ষক ম্যাথু ম্যাকেও বাঁচিয়েছেন তার দলকে। ভুয়াদিন সাভিচের হেড ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠান তিনি। সফরকারী দলের স্ট্রাইকার রিচমন্ড বোকে শুধু গোলরক্ষককে পেয়েও গোলবারের পাশ দিয়ে বল মারেন। শেষ দিকে এসে আর্সেনাল চমৎকার সুযোগ পায়। জ্যাক উইলশেয়ারের দারুণ প্রচেষ্টাকে বিপদমুক্ত করেন দামিয়েন লে টালেক।
‘এইচ’ গ্রুপে গোলশূন্য ড্র করেও নকআউটে ওঠায় আর্সেনালকে পরোক্ষভাবে সহায়তা করেছে কোলোনে। ঘরের মাঠে তারা বাতে বরিসোভকে ৫-২ গোলে উড়িয়ে দেওয়ায় দুই ম্যাচ হাতে রেখে পরের পর্ব নিশ্চিত করে গানাররা।
আরেক ফুটবল জায়ান্ট এসি মিলান করেছে গোলশূন্য ড্র। এইকে এথেন্সের সঙ্গে ড্র করায় তাদের নকআউটে যাওয়ার অপেক্ষা বাড়লো। ‘ডি’ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। ৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে এথেন্স। গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়া ভিয়েনা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিজেকাকে।








