চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতে আগেই প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। রবিবার দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ারে জায়গা করে নিয়েছে আরেক নবাগত নওফেল স্পোর্টিং ক্লাব। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে তারা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৮৪ মিনিটে নওফেলের জয়সূচক গোলটি করেন সাজ্জাদ জামান।
১৭ ম্যাচ থেকে নওফেলের সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান ম্যাচ খেলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ৩৫ পয়েন্ট। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মতিঝিল টিঅ্যান্ডটি ক্লাব। বাকি দুই ম্যাচ জিতলেও টিঅ্যান্ডটি ক্লাব ধরতে পারবে না নওফেলকে।
প্রিমিয়ার লিগে উত্তরণের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমনও নিশ্চিত হয়েছে। সিনিয়র ডিভিশনে নেমে গেছে কাওরানবাজার প্রগতি সংঘ।








